সাইফ হাসান: যুক্তরাজ্যের সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) ভুল বা জালিয়াতির কারণে অতিরিক্ত দেওয়া সামাজিক সুবিধার টাকা সরাসরি দরিদ্র নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার পরিকল্পনা করছে। এই পরিকল্পনার প্রভাব নিয়ে সরকারি নজরদারি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।
সরকারি নজরদারি সংস্থা রেগুলেটরি পলিসি কমিটি জানিয়েছে, এই পরিকল্পনার প্রভাব সবচেয়ে বেশি পড়বে সমাজের দরিদ্রতম মানুষদের ওপর তারা বলেছে, “সরকার ভুলভাবে দেওয়া টাকা ফেরত নেওয়ার প্রভাব সম্পর্কে যথেষ্ট বিবেচনা করেনি।” এছাড়া, ব্যাংকগুলো এই টাকা কাটার জন্য যে প্রশাসনিক খরচ নেবে, তার পরিমাণ স্পষ্ট করা হয়নি।
ডিডব্লিউপি’র তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে জালিয়াতি বা ভুলের কারণে ৯৭০ কোটি পাউন্ডের সুবিধা অতিরিক্ত দেওয়া হয়েছে। সরকারের নতুন আইনের মাধ্যমে ব্যাংকগুলোকে এই টাকা কাটার নির্দেশ দেওয়া হবে। তবে, সিটিজেনস অ্যাডভাইসের মতো সংগঠন সতর্ক করে বলেছে, এটি সবচেয়ে দুর্বল মানুষদের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
কল্যাণ সচিব লিজ কেন্ডাল বলছেন, “এই সরাসরি কাটার নির্দেশনা পুরোপুরি কার্যকর হলে প্রতি বছর করদাতাদের ৫০ কোটি পাউন্ড সাশ্রয় হবে।” তবে, বিগ ব্রাদার ওয়াচের আইন ও নীতি কর্মকর্তা জাসলিন ছাগার বলেছেন, “কল্যাণ ব্যবস্থা জটিল এবং নিরীহ মানুষ ভুলের কারণে ডিডব্লিউপি’র কাছে ঋণী হয়ে পড়তে পারে। সরকারকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে গোপনে হাত দেওয়ার ক্ষমতা দেওয়া উচিত নয়।”
সরকার জানিয়েছে, টাকা কাটার আগে দেনাদারের আর্থিক সামর্থ্য ও দুর্বলতা পরীক্ষা করা হবে। তবে, ব্যাংক শিল্প এই আইনের অন্যান্য ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে তাদের ক্লায়ন্টদের অ্যাকাউন্টের তথ্য সরকারের কাছে দিতে বাধ্য করা হতে পারে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















