সাইফ হাসান: গ্রেট ব্রিটেনে প্রবেশকারী পর্যটকদের জন্য নতুন নিয়ম জারি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে মাংস ও দুগ্ধজাত পণ্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা এখন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা শনিবার (১২ এপ্রিল ২০২৫) থেকে কার্যকর হয়েছে।
ইউরোপে ফুট-এন্ড-মাউথ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গরু, ভেড়া, ছাগল, শূকরের মাংস এবং দুধের তৈরি পণ্য, এমনকি হ্যাম-চিজের স্যান্ডউইচও সীমান্তে আটকে দেওয়া হবে। শুল্ক কর্মকর্তরা এসব পণ্য জব্দ করবেন।
পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ জানিয়েছে, “ইউরোপে এই রোগের প্রাদুর্ভাব কৃষি ব্যবসা ও পশুপালনের জন্য বড় ঝুঁকি। এটি উৎপাদন হ্রাস ও বিদেশি বাজারে ক্ষতির কারণ হতে পারে।”
খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী ড্যানিয়েল জেইচনার বলেন, “ফুট-এন্ড-মাউথ রোগ থেকে ব্রিটিশ কৃষকদের রক্ষা করতে আমরা সব করব। এই নিষেধাজ্ঞা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”
যুক্তরাজ্যের ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার জর্জ মার্টিন-আলমাগ্রো বলেন, “এই রোগের ঝুঁকি কমাতে কঠোর জৈব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পশুালকদের রোগের লক্ষণ দেখলে তাৎক্ষণিক প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য সংস্থায় জানাতে হবে।”
নিয়ম ভঙ্গকারীদের পণ্য সীমান্তে হয় জব্দ করা হবে, নয়তো ধ্বংস করা হবে। গুরুতর ক্ষেত্রে ইংল্যান্ডে ৫,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। তবে শিশুদের দুধ, চিকিৎসা খাদ্য, চকলেট, বিস্কুট ও পাস্তার মতো কিছু পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian














