সাইফ হাসান: জনপ্রিয় উপস্থাপিকা ডাভিনা ম্যাককল তার মস্তিষ্কের টিউমার নিয়ে সুখবর দিয়েছেন। গত বছর স্বাস্থ্য পরীক্ষায় টিউমার ধরা পড়ার পর তিনি অস্ত্রোপচার করান। এখন তিনি জানিয়েছেন, টিউমার আর ফিরে আসবে না।
গত ১২ এপ্রিল শনিবার ডাভিনা তার ২১ লাখ ইনস্টাগ্রাম ফলোয়ারদের কাছে এই সুখবর জানান। তার প্রেমিক মাইকেল ডগলাসের সঙ্গে একটি ভিডিওতে তিনি বলেন, “সব শেষ! স্ক্যানে দেখা গেছে, টিউমার পুরোপুরি সরানো হয়েছে।” গত নভেম্বরে তার মাথার খুলি খুলে টিউমর অপসারণ করা হয়। এই অস্ত্রোপচারকে তিনি তার জীবনের “সবচেয়ে কঠিন সময়” বলে বর্ণনা করেন।
মাইকেল ডগলাস বলেন, “এটা আমাদের জন্য একটা বড় যাত্রা ছিল। আমি খুবই উদ্বিগ্ন ছিলাম।” ডাভিনা জানান, তিনি ভয় পাচ্ছিলেন যে টিউমারের কিছু অংশ থেকে গেলে আবার তাকে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে স্ক্যানে সব পরিষ্কার দেখা গেছে।
তিনি চিকিৎসক, পরিবার এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান। ডাভিনা বলেন, “অনেকের টিউমার অপারেশন করা যায় না। আমি ভাগ্যবান যে এই অধ্যায় শেষ করে জীবনের পরবর্তী ধাপে যেতে পারছি।”
ডাভিনা আরও জানন, অনেকে মনে করেন বিনাইন টিউমার মানেই নিরাপদ, কিন্তু তা সত্য নয়। তিনি বলেন, “বিনাইন মানে সব ঠিক আছে, এটা ভুল ধারণা। এই টিউমারও মারাত্মক হতে পারে।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian














