খেলাধুলা ডেস্ক: ১ জুন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭’র আসর। সেই হিসাবে আর মাত্র ক’দিন বাকি। তার আগে ম্যানচেস্টারে ঘটে গেছে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ক্রিকেটভক্তরা। ইংল্যান্ডের নিরাপত্তা নিয়ে কানাঘোষা চলছে সমালোচকদের মধ্যেও। তবে ভয় না পেয়ে তাদের মাঠে এসে খেলা উপভোগ করার অনুরোধ জানালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গেলো সোমবার রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত ও ৬৪ জনেরও বেশি আহত হন। ম্যানচেস্টার এরিনায় আমেরিকান উঠতি পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট চলার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
এতে নড়েচড়ে বসে আইসিসি। ঘটনার পরপরই হতাহতদের সান্ত্বনা জানিয়ে বিবৃতি দেয় বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা। পরে বৈঠক করে টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোকেও সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়। এবার ক্রিকেট ভক্তদেরও আশ্বস্ত করলো আইসিসি। নির্ভয়ে মাঠে এসে খেলা উপভোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আইসিসি অ্যান্টি-করাপশন ও সিকিউরিটি ইউনিটের (আকসু) পক্ষ থেকে সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দেয়া হয়েছে।
লন্ডনে সংবাদ সম্মেলনে আকসু চেয়ারম্যান রনি ফ্লানাগান বলেন, আতঙ্কিত না হয়ে মাঠে আসুন। এখানে পূর্ণ নিরাপত্তাই পাবেন। পাশ থেকে অনেকে অনেক কিছু বলবে। তবুও বলবো মাঠে আসুন, খেলা উপভোগ করুন।
তিনি বলেন, কয়েকদিন আগে কি ঘটেছে তা ভুলে যান। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তাই দেয়া হবে। সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা মজবুত রাখতে পুলিশকে সহায়তা করছে সেনাবাহিনী। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করছে আইসিসি ও ইসিবি।
আকসু চেয়ারম্যান বলেন, সন্ত্রাসীদের জয়ী করবেন না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, খেলাধুলা এখনো সন্ত্রাসীদের ছত্রছায়া মুক্ত। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডে এর প্রমাণ পাওয়া গেছে।
তবে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদের এবার কিছুটা বিড়ম্বনায় পড়তে হতে পারে। কারণ, আগের মতো এবার পিকনিক মুডে মাঠে ঢুকতে পারবেন না তারা। স্টেডিয়ামে ঢোকার সময় সবাইকে তল্লাশি করা হবে।
লন্ডনের ওভালে ১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের। ১৮ জুন একই ভেন্যুতে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ বড় আসরের।















