খেলাধুলা ডেস্ক: বিদায়ী বছরের শেষ ম্যাচে এলচের বিপক্ষে পয়েন্ট খোয়ায় রিয়াল মাদ্রিদ। হতাশায় বছর শেষ হলেও নতুন বছরের শুরুটা জয় দিয়েই করেছে জিনেদিন জিদানের দল। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রিয়াল। তিন ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ নেমে গেছে দুইয়ে। ডিয়েগো সিমিওনের দলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ খেলেছে কার্যকর ফুটবল। রিয়ালের মাঠে আতিথ্য নেয়ার আগে টানা ছয় ম্যাচে অপরাজিত সেল্টা। গত নভেম্বরে এদুয়ার্দো কৌদেতের অধীনে পাল্টে যাওয়া সেল্টা খেলেছে আক্রমণাত্মক ফুটবল।
পুরো ম্যাচে রিয়ালের বল পজিশন ছিল ৪১ শতাংশ! দুই মেয়াদে সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে রিয়ালের কোচ জিদান। ফরাসি কিংবদন্তির অধীনে ঘরের মাঠে এত কম বল পজিশনে থেকে এর আগে কখনো কোন প্রতিযোগিতায় জয় পায়নি রিয়াল।
দুই স্প্যানিশ তারকা লুকাস ভাসকেস ও মার্কো অ্যাসেনসিওর যুগলবন্দীতে তিন পয়েন্ট পকেটে পুরেছে গ্যালাকটিকোরা। দুজনে গোল করার পাশাপাশি একে অপরের গোলে রেখেছেন অবদান। ষষ্ঠ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে অ্যাসেনসিওর ক্রসে হেডে বল জালে জড়ান ফরোয়ার্ড ভাসকেস। ৫৩ মিনিটে ভাসকেসের বাড়ানো পাস ধরে লক্ষ্যভেদ করেন উইঙ্গার অ্যাসেনসিও।
আগের ছয় লীগ ম্যাচে ১৪ গোল করা সেল্টা ম্যাচে মাত্র দুটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে। যার একটি ঠেকান অধিনায়ক সার্জিও রামোসের অসুস্থতায় সুযোগ পাওয়া নাচো ফার্নান্দেজ। আরেকবার রিয়ালের ত্রাতা গোলরক্ষক থিবো কোর্তোয়া।















