লাইম হাউজে সাইফুজ্জামানের ৭৪টি, বাড়ী ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে আফসানার চিঠি

374

ওয়ানবাংলানিউজ: পপলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আপ্সানা বেগম আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে বাংলাদেশের সাবেক সরকারের সদস্যদের সাথে সংশ্লিষ্ট ব্রিটেনের সম্পত্তি ও সম্পদের তদন্ত করার অনুরোধ করেছেন। এসব ব্যাক্তির মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তিনি বাংলাদেশে তদন্তের অধীনে রয়েছেন।সন্দেহজনক ও অবৈধ কার্যকলাপের মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ অর্জনের বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রায়েম বিগারের কাছে লেখা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন আপ্সানা বেগম।

শেখ হাসিনার সরকারের সময় দুর্নীতির বিষয়ে সম্প্রতি শুরু হওয়া চলমান তদন্তের উল্লেখ করেন পূর্ব লন্ডনের এই এমপি।
ছাত্র বিক্ষোভের ওপর সহিংস দমন-পীড়নের কারণে বিতর্কের মধ্যে পড়েছিল শেখ হাসিনার সরকার। এই দমন পীড়নে শত শত লোক মারা যায়। অস্থিরতার মধ্যে হাসিনা এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তের অধীনে রয়েছেন। তার বিরুদ্ধে যুক্তরাজ্যে অর্থ আত্মসাৎ এবং কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এইচএম ল্যান্ড রেজিস্ট্রি এবং ইউকে কোম্পানি হাউসের রেকর্ডের ভিত্তিতে ফাইনান্সিয়াল টাইমস সংবাদপত্র একটি পর্যালোচনা প্রকাশ করে জানিয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রিত কোম্পানিগুলো যুক্তরাজ্যে ১৫০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের কমপক্ষে ২৮০টি সম্পত্তি অর্জন করেছে। এছাড়াও, আল-জাজিরার একটি তদন্তে জানা গেছে যে এই সম্পত্তিগুলির মধ্যে ৭৪টি পপলার এন্ড লাইমহাউসে আপ্সানা বেগমের নিজের নির্বাচনী এলাকায় অবস্থিত। আপ্সানা বেগম মনে করেন এই সম্পদগুলোর মালিক বাংলাদেশী জনগণ। তাই বাংলাদেশে গণতন্ত্র এবং একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের কাজে ব্যয় করার জন্য এসব সম্পদ বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।

 

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা করার জন্য ন্যাশনাল ক্রাইম এজেন্সির প্রতি আহবান জানিয়ে আপ্সানা বেগম এমপি বলেছেন, সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতির অভিযোগ এবং বাংলাদেশের অন্যান্য সাবেক কর্মকর্তাদের মালিকানাধীন যুক্তরাজ্য ভিত্তিক সম্পদ তদন্ত ও জব্দ করার বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট করার জন্য ন্যাশনাল ক্রাইম এজেন্সির প্রতি আহবান জানিয়েছেন।

 

আপ্সানা বেগমের এই চিঠি ব্রিটিশ সমাজে দায়বদ্ধতা এবং স্বচ্ছতা সৃষ্টির ক্রমবর্ধমান আহবানেরই প্রতিধ্বনি। ব্রিটেনের আন্তর্জাতিক সুনাম বজায় রাখার জন্য যে কোনও অপব্যবহার করা বিদেশী তহবিল জব্দ করে ফেরত পাঠানোর গুরুত্বকেই তুলে ধরে আপ্সানা বেগমের এই চিঠি।

 

ন্যাশনাল ক্রাইম এজেন্সি এখনও আপ্সানা বেগমের চিঠির জবাব দেয়নি। বাংলাদেশী কর্তৃপক্ষ চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে।