ওয়ানবাংলানিউজ: সাউথপোর্ট শহরে ছুরি হামলার ঘটনায় তিন শিশু নিহত হওয়ার পর মঙ্গলবার এই শহরবাসীর সাথে সাক্ষাত করতে যান রাজা তৃতীয় চার্লস। স্থানীয় বাসিন্দারা রাজাকে উষ্ণ সংবর্ধনা জানান। গত মাসে সঙ্ঘটিত ছুরি হামলার ঘটনার পর থেকে স্থানীয় টাউন হলের বাইরে নিহত শিশুদের স্মরণে নানা রকম উপহার ও বার্তা লিখে রেখে যাচ্ছেন সাধারণ মানুষ। রাজা কিছুটা সময় নিয়ে স্থানটি ঘুরে দেখেন এবং বার্তাগুলো পড়েন। ছুরি হামলায় আহত কয়েকজনের সাথে ব্যাক্তিগতভাবে সাক্ষাত করে একটি শোক বইতে সাক্ষর করেন রাজা। ছুরি হামলায় আহতদের একজন জন হেইজ। হামলাকারীকে বাধা দিতে গেলে তিনিও হামলার শিকার হন।
রাজার আগমনের কথা জেনে তাঁকে এক নজর দ্যাখতে সমবেত হন কয়েক শ মানুষ।
এরপর রাজা সাক্ষাত করেন জরুরী সেবাদানকারী সংস্থার কর্মী এবং স্থানীয় মসজিদের ইমামের সাথে। ছুরি হামলার ঘটনার পর এই মসজিদে হামলা করে একদল দাঙ্গাবাজ লোক।
এদিকে সাউথপোর্টের ছুরি হামলার ঘটনার ধারাবাহিকতায় ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে বর্ণবাদী, ইমিগ্রেনটবিরোধী এবং মুসলিমবিরোধী বিক্ষোভ ও সহিংসতা হয়। এসব দাঙ্গায় প্রত্যক্ষভাবে যারা অংশগ্রহণ করে অপরাধমূলক কাজে জড়িত হয়েছিলেন তাদেরকে গ্রেফতার করে আদালতে তোলা হচ্ছে। তাদেরই একজন লিয়াম গ্রে। রদারহাম এলাকায় হলিডে ইন এক্সপ্রেস হোটেলে এসাইলাম সীকারদের রাখা হয়েছে। এই হোটেলে হামলা করে একদল লোক। তাদেরই একজন ছিল লিয়াম গ্রে। শেফিল্ড ক্রাউন কোর্ট মঙ্গলবার তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন। আদালতের বিচারক বলেন, লিয়াম গ্রে তাঁর নিজ শহরবাসীকে লজ্জিত করেছেন। রদারহ্যাম দাঙ্গায় জড়িত চার জনকে শাস্তি দিয়েছেন আদালত। বাকী তিনজন হলেন আলফি কনওয়ে, ডেভিড চেডউইক ও লি ক্রিস্প।
হার্টলিপুল শহরে পুলিস বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে সেনাবাহিনীর সাবেক ড্রাইভার জল বিশপ এগিয়ে এসে একটি বড় কাঠের টুকরো পুলিশের ওপর নিক্ষেপ করেন। তাঁর সবুজ রঙের টি-শার্টের পেছনে লেখা তাঁর নাম থেকে পরবর্তীতে তাঁকে চিহ্নিত করা হয়। আদালত যখন তাঁকে ১৮ মাসের কারাদণ্ড দিচ্ছিলেন তখন তাঁর স্ত্রী কাঁদছিলেন। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা এবং দাঙ্গায় জড়িত থাকার অপরাধে ১৪০ জনের বেশী লোককে ৭ সপ্তাহ থেকে ৭ বছর পর্যন্ত নানা মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে রয়েছেন ব্রাডলি মাকারথি, যিনি ব্রিস্তলে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী এবং পুলিসকে লক্ষ্য করে ঘণ্টার পর ঘণ্টা হুমকি দিচ্ছিলেন। আরেকজন ক্রেইগ টিম্ব্রেল। তিনি পুলিসকে লক্ষ্য করে কংক্রিটের তৈরি ব্লক, পাথর ও বোতল ছোড়েন। পুলিস এসময় এসাইলাম সীকারদের রাখা হয়েছে- এমন একটি হোটেলের নিরাপত্তায় নিয়োজিত ছিল।














