ব্রিটেনে এপ্রিল মাস থেকে ৭ ধরনের বিল বাড়বে

189

ওয়ানবাংলানিউজ: এপ্রিল মাস থেকে ব্রিটেনে সাত ধরনের সেবার মূল্য বাড়বে। ফোন ও ব্রডব্যান্ডের বিল বাড়বে; পানির বিল বাড়বে; কাউন্সিল ট্যাক্স বাড়বে; এছাড়াও টিভি লাইসেন্স, গাড়ির ট্যাক্স এবং এনএইচএস এর ডেন্টাল সেবার খরচ বাড়বে এপ্রিল মাস থেকে। তবে কিছু সুখবরও আছে। গ্যাস-বিদ্যুতের বিল কমবে; ন্যাশনাল ইন্সুরেন্স কমবে এবং বেনিফিট বাড়বে।

নতুন মা হয়েছেন রেচেল এইটকেন। এপ্রিল মাসে বিল বৃদ্ধি পেলে তাঁর কী সুবিধা-অসুবিধা হবে তার একটা হিসাব করে দেখেন বিবিসির প্রতিবেদক। ৮ মাস বয়সের সন্তানকে নিয়ে রেচেল এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। নানা ধরনের বিল বৃদ্ধি পেলে পরিবার নিয়ে চাপে পড়বেন রেচেল।

ইংল্যান্ডের অধিকাংশ কাউন্সিল কর্তৃপক্ষ এপ্রিল মাস থেকে ৫ শতাংশ পর্যন্ত কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি করবে। সাউথপোর্ট এলাকায়ও একই হারে বাড়বে। কিন্তু নানা কারণে অর্থনৈতিক চাপে থাকা ইংল্যান্ডের কিছু কাউন্সিলকে ৫ শতাংশের বেশী হারে বৃদ্ধি কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির অনুমতি দিয়েছে সরকার। স্কটল্যান্ডে কাউন্সিল ট্যাক্স অপরিবর্তিত রাখা হচ্ছে কিন্তু ওয়েলসে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির কোনো সীমা বেঁধে দেয়া হয়নি। এর ফলে ইংল্যান্ডের অধিকাংশ স্থানের তুলনায় কিছু অঞ্চলে কাউন্সিল ট্যাক্স অনেক বেশী বাড়বে।

তবে কিছু শর্ত সাপেক্ষে কাউন্সিল ট্যাক্সে ডিসকাউনট পাবেন অনেকে। যেমনঃ একাকী বসবাস করলে ২৫ শতাংশ ছাড়, ডিজেবিলিটি থাকলে কিংবা ফুল টাইম পড়ালেখা করলে কাউন্সিল ট্যাক্সে ছাড় পাওয়া যায়।

মোবাইল এবং ব্রডব্যান্ডের ক্ষেত্রে অধিকাংশ কোম্পানি এপ্রিল থেকে ৮ শতাংশ মূল্য বৃদ্ধি করবে। তবে সবার ক্ষেত্রে নয়। চলমান চুক্তির মাঝপথে মূল্য বৃদ্ধির কথা চুক্তিতে লেখা থাকলে মোবাইল এবং ব্রডব্যান্ডের মূল্য বৃদ্ধি পাবে।

ইনফো লিখে ৮৫০৭৫ নাম্বারে টেক্সট পাঠালে আপনার চুক্তির বিস্তারিত তথ্য পাঠাবে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানি।

ইংল্যান্ড এবং ওয়েলসে পানির বিল বছরে ২৮ পাউন্ড বাড়বে। পানির ব্যবহার কমিয়ে এবং অন্যান্য উপায়ে পানির বিল নিয়ন্ত্রণে রাখার সুযোগ আছে। যেমনঃ নিম্ন আয়ের মানুষের জন্য প্রত্যেক ওয়াটার সরবরাহকারী কোম্পানি সোশাল ট্যারিফ রেখেছে, যেখানে নিম্ন হারে বিল দেয়া হয়। ইংল্যান্ড এবং ওয়েলসে ‘ওয়াটারশিওর’ নামে একটি স্কিম আছে, যার আওতায় বেনিফিটে থাকা ব্যাক্তিরা, অসুস্থতার কারণে প্রচুর পানি ব্যবহার করতে হয়, এমন ব্যাক্তি কিংবা স্কুলে যায় এমন তিন ও তার চেয়ে বেশী সন্তান আছে- এমন ব্যক্তিরা পানির বিলে ছাড় পেতে পারেন।