ক্যান্সার আক্রান্ত প্রিন্সেস অব ওয়েলস এর প্রতি জনতার সহমর্মিতা

84

ওয়ানবাংলানিউজ: প্রিন্সেস অব ওয়েলস কেইট মিডলটন বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে না আসায় তাঁকে নিয়ে অনেক গুঞ্জন চলছিল। ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য এক ভিডিও বার্তায় শুক্রবার জানান, তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। এই খবরে বিস্মিত হন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয় এই খবর।

জানুয়ারিতে কেইট মিডলটনের পেটে অস্ত্রোপচার হয়। তার পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যাচ্ছিল না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন সংবাদপত্র, এমনকি যুক্তরাষ্ট্রের কিছু টক শোতেও তাঁকে নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন চলছিল। শুক্রবার প্রচারিত ভিডিও বার্তায় এই গুঞ্জন থামানোর চেষ্টা করেন প্রিন্সেস অব ওয়েলস।

কয়েক বছর ধরে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা কঠিন সময় পার করছেন। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। তারপরও রাজপরিবারের সদস্যরা প্রিন্সেস অব ওয়েলস এর এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। ডিউক ও ডাচেস অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান প্রকাশ্যে বিবৃতি দিয়ে সহমর্মিতা জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, ব্যাক্তিগতভাবেও হ্যারি ও মেগান, প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।

প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলস বসবাস করেন উইনজরে। শনিবার এখানে এসে দেখা যায় জনসাধারণ সমবেত হয়েছেন তাদের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করতে।

প্রিন্সেস অব ওয়েলস কেইট মিডলটনের কাছে তাঁর তিন সন্তানের সুরক্ষা অগ্রাধিকার ভিত্তিক কাজ। ভিডিও বার্তায় তিনি জানান, তিনি সময় নিয়ে তাঁর তিন সন্তান জর্জ, শারলট ও লুইকে তাঁর ব্যাক্তিগত অবস্থা সম্পর্কে বুঝিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তিনি ঠিক হয়ে যাবেন।

রাজপরিবারের অন্য সব সদস্যের সাথে একসাথে সর্বশেষ প্রিন্স অফ ওয়েলসকে দেখা গিয়েছিল গত ক্রিসমাসে সেনড্রিংহ্যামে। রাজপরিবারের পরবর্তী বড় সমাবেশ হবে ইস্টার সানডেতে। সেদিন রাজা তৃতীয় চার্লস উইনজরের চার্চে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু প্রিন্সেস অফ ওয়েলস এবং তাঁর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন না। কারণ তখন তিনি চিকিতাধীন থেকে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় থাকবেন।

কেটের ক্যানসারের চিকিৎসা চলার খবরটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন কিনা তাঁর শ্বশুর রাজা তৃতীয় চার্লসও ক্যানসারে ভুগছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ রাজসিংহাসনে বসেন চার্লস। এর ১৮ মাসেরও কম সময় পর তাঁর দেহে ক্যানসারের অস্তিত্ব সনাক্ত হয়।