প্যালেস্টাইনের পতাকার কারণে স্কুলে নিষিদ্ধ হলো লন্ডনের শিশু ইয়াহিয়া

136

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের ওয়ালথামস্টো কাউন্সিল এলাকার এক প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ স্কুলের শিক্ষার্থীদের প্যালেসটাইনের পতাকা আঁকা পোশাক পরিধান করা নিষিদ্ধ করার পর শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর স্কুলের ৮ বছরের এক শিশুর পিতা-মাতা এই নিয়ম অমান্য করার সিদ্ধান্ত নিয়ে তাদের সন্তানকে স্কুলে পাঠানো বন্ধ রেখেছেন।

স্কুলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে অভিভাবকেরা দাবি জানিয়েছেন, ৮ বছরের শিশুটিকে যেন স্কুলে পাঠগ্রহণ করতে দেয়া হয়। শিশুটির মায়ের জন্মভূমি গাজা।

বারক্লে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ একাধিক চিঠি পাঠিয়ে অভিভাবকদের সতর্ক করেছে, তাঁরা যেন শিশুদের এমন কাপড়, ব্যাজ, কিংবা স্কার্ফ পরিয়ে স্কুলে না পাঠান, যেগুলোতে রাজনৈতিক বার্তা আছে। কোনো কোনো চিঠিতে এমন হুমকিও দিয়েছে স্কুল কর্তৃপক্ষ, নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট অভিভাবকে সরকারের সন্ত্রাসবিরোধী প্রকল্প প্রিভেনট এ রেফার করা হতে পারে। বিষয়টিকে অনেক অভিভাবক হুমকি হিসেবে দেখছেন।

বারক্লে প্রাইমারি স্কুল পরিচালনা করে থাকে লায়ন একাডেমী ট্রাস্ট। ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে লায়ন একাডেমী স্কুলের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের জবাব দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৮ বছর বয়সের ছেলের সাথে বুলিং কিংবা অসদাচরণের কোনো প্রমাণ নেই। আর প্রিভেনট এ রেফার করার বিষয়ে বলা হয়েছে, বিষয়টিকে যথাযথভাবে ব্যাখ্যা করা হয়নি এবং অপ্রাসঙ্গিকভাবে গ্রহণ করা হয়েছে।

ক্রিসমাসের বন্ধ আগেভাগে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বারক্লে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ। কিন্তু পরিস্থিতি দেখে ধারনা করা হচ্ছে, নতুন বছরে স্কুল খুললেও এই বিক্ষোভ চলমান থাকবে।