ক্রিসমাসে বাম্পার ব্যবসা করছে লন্ডনের রেস্টুরেন্টগুলো

186

ওয়ানবাংলানিউজ: লন্ডনের কিংসক্রস এলাকায় লাইটারম্যান পাবে ক্রিসমাস এর সুবাতাস লেগেছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের পকেটে বাড়তি অর্থ না থাকলেও এখনও সামর্থ্য অনুযায়ী বাইরে খাওয়া-দাওয়া করছেন ব্রিটিশ জনগণ।

তবে বাইরে খাওয়া-দাওয়ার বিষয়ে কোথায় খাবেন, কতো খরচ করবেন- এসব বিষয়ে আগে থেকে কিছুটা ভেবে নিচ্ছেন অনেকে।

করোনা মহামারির কারণে এবং সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন কর্মস্থলে কাজ করেন, এমন অনেকে ঘর থেকে কাজ করার ফলে রেস্টুরেন্ট ব্যবসা অনেকটা ঝিমিয়ে পড়ে। ইদানীং রেস্টুরেন্ট সহ হসপিটালিটি সেক্টরের প্রায় সব ব্যবসায় গতি ফিরে এলেও ব্যবসা পরিচালনার নানা রকম খরচ বেড়ে গেছে।

আগামী বছর জালানি, খাদ্য এবং পানীয়র দাম আরও বাড়বে বলেই ধারনা করা হচ্ছে। এপ্রিল মাস থেকে সর্বনিম্ন মজুরীও বাড়বে। কর্মজীবীদের জন্য এটি সুখবর হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটি বাড়তি বোঝা হিসেবে আসবে। চলতি বছর সারা দেশে রেল ধর্মঘটের কারণে ৪ বিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে। এসব কারণে হসপিটালিটি ব্যবসায় আগামী বছরও নানা চ্যালেঞ্জ থাকবে। তবে ক্রিসমাস আর নববর্ষের কারণে আপাততঃ এই ইন্ডাস্ট্রিতে কিছুটা সুবাতাস বইছে।

এদিকে ক্রিসমাসের শপিঙে ব্যস্ত ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরের মানুষ। তবে সকল বাজারে ব্যস্ততা এক রকম নয়। যেমনঃ লন্ডনের হেকনি এলাকার রিডলি রোড মার্কেটে আসা ক্রেতারা কেনাকাটা করতে গিয়ে পকেটের অবস্থা নিয়ে কয়েকবার ভেবে নিচ্ছেন।

১৫ বছর ধরে এই মার্কেটে কার্পেট বিক্রি করেন আব্দুল। তিনি বললেন, সাধারণ ক্রেতারা একান্ত প্রয়োজনীয় পণ্য কিনছেন।
৩০ বছরের বেশী সময় ধরে এই মার্কেটে কাজ করেন মুহাম্মদ। তিনিও বললেন, কোভিড মহামারির পর এখনও পরিস্থিতির উন্নতি হয়নি।
শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্ত বলছে, ক্রিসমাসকে সামনে রেখে হাই স্ট্রীট শপিঙে মানুষের পদচারনা বেড়েছে। কিন্তু এটি নির্ভর করে, শপিং এলাকার ওপর। অক্সফোর্ড স্ট্রীটের মতো এলাকা এখনও ক্রিসমাসের ব্যস্ততায় মুখরিত।

রিটেইলাররা আশা করছেন, ক্রিসমাসে বাম্পার ব্যবসা হবে। কিন্তু যাদের আর্থিক সামর্থ্য কিছুটা কম, তাদের জন্য সুখবর হলো, ক্রিসমাস আর নিউ ইয়ারের সেইল ইতোমধ্যে শুরু হয়ে গেছে।