ঢাকা সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত ১৫তম ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
বৃহস্পতিবার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস লিডার্স ডায়ালগে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমরা সহযোগিতা বাড়াতে পারি সন্ত্রাস, মানবপাচার, সাইবার অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে। আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে অস্ত্রের খেলা, বন্ধ করতে হবে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা। আমাদেরকে দায়িত্ব নিতে হবে বিশ্বব্যাপী শান্তি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায়।
তিনি বলেন, আমি আশা করি, ব্রিকস হবে বহুপাক্ষিক বিশ্বের বাতিঘর এবং অন্তর্ভুক্তিমূলক প্লাটফর্ম।
শেখ হাসিনা আরও বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এ সময় অবকাঠামো, শিল্প, ক্লিন এনার্জি খাতে ব্রিকসের নিউ ডেভলপমেন্ট ব্যাংকের সহায়তা চান তিনি।















