ঢাকা সংবাদদাতা: মাদারীপুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আলিম নামের এক যুবক নিহত হয়েছে। আলিম মাদারীপুরের কালকিনির ডাসার থানার পূর্ব কমলাপুর এলাকার মৃত সামসুল হক মোল্যার ছেলে।
রোববার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি নিহত আলিম কুখ্যাত ডাকাত ও মোটর সাইকেল চোরচক্রের প্রধান। তার নামে রংপুর জেলায় ডাকাতিসহ একাধিক মামলার রয়েছে বলেও জানাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, একদল ডাকাত লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে ডিবির টিম ওই এলাকায় যায়। তখন তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে ডাকাতদল। এসময় আত্মরক্ষার্থে ডিবিও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের সদস্য আলিম মোল্যা মারা যান। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার বলেন, নিহত যুবকের নামে রংপুর জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সকালে মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।















