ব্রিটেনে কি ভেইপিং নিষিদ্ধ হতে যাচ্ছে?

    98

    ওয়ানবাংলানিউজ: ই-সিগারেট হিসেবে পরিচিত ডিস্পোজেবল ভেইপ আগামী বছরের মধ্যে নিষিদ্ধ দেখতে চায় লোকাল গভমেনট এসোসিয়েশন। ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্সিল কর্তৃপক্ষগুলোর একক প্লাটফর্ম লোকাল গভমেনট এসোসিয়েশন জানিয়েছে, প্রতি সপ্তাহে ১৩ লাখ ডিস্পোজেবল ভেইপ ফেলে দেয়া হয়। এই ভেইপ এর দাম কম, সহজে সেবন করা যায়। কিন্তু ফেলে দেয়া ভেইপে রাস্তাঘাট ময়লা হয়; প্রতিটি ভেইপে থাকা লিথিয়াম ব্যাটারি রিসাইকেল করা কঠিন এবং সঠিকভাবে রিসাইকেল না হলে অগ্নিকানডের ঝুঁকি সৃষ্টি হয়।


    রাস্তাঘাট ময়লা হওয়া আর অগ্নিকানডের ঝুঁকি থাকা এক ধরনের সমস্যা। আরেকটি বড় সমস্যা হলো, ডিস্পোজেবল ভেইপের নানা রং আর স্বাদ ও গন্ধের কারণে শিশুদের আকৃষ্ট করে। স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর- এমন কথা জেনে ক্রমবর্ধমান হারে শিশুরা ভেইপে আসক্ত হয়ে পড়ছে। ভেইপেও কম মাত্রায় হলেও নিকোটিন থাকে। এর ফলে শিশুরাও ধীরে ধীরে তামাক সেবনেও আসক্ত হচ্ছে। এই প্রবণতাকে আসন্ন মহামারী হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশন। এই সংস্থা বিভিন্ন ফ্লেভারের ভেইপ নিষিদ্ধ করার আহবান জানিয়েছে। পাশাপাশি সব ধরনের ভেইপ একই ধরনের প্যাকেটে বিক্রির আহবান জানিয়েছে। কিন্তু ব্রিটিশ ভেইপ ট্রেইড এসোসিয়েশন দ্বিমত পোষণ করে বলেছে, ইতোমধ্যে নানা আইন প্রণয়ন করে ভেইপিং নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তাঁরা বলছে, ভেইপিং ধূমপানকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণে রাখে।

    ভেইপ ব্যবহারকারী এবং যারা ব্যবহার করেন, তাদের মধ্যে ভেইপ নিষিদ্ধ করা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

    ইংল্যান্ডে ভেইপিং আইনকে সময়োপযোগী করার কথা বিবেচনা করা হচ্ছে। স্কটল্যান্ডে নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে। ফ্রান্সে চলতি বছরের শেসের দিকে নিষিদ্ধ হতে পারে ভেইপিং। ব্রিটেনেও কি তাহলে ভেইপিং সুদিন ধীরে ধীরে দুর্দিনের দিকে এগিয়ে যাচ্ছে?