টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

555

খেলাধুলা ডেস্ক: দুদলের চিত্রটা ভিন্ন। চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে তামিম ইকবালের দল। ভিন্ন অবস্থা রংপুর শিবিরে। তিন ম্যাচের দুটিতেই হেরেছে মাশরাফি বাহিনী। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে দেশের সর্ব উত্তরের ফ্র্যাঞ্চাইজিটি।

আজ শনিবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দুটি দলের সামনেই। রংপুর জিতলে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসকে টপকে পঞ্চম স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাশরাফিদের সামনে। আর কুমিল্লা জিতলে সিলেট ও খুলনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে তামিমের দল।

দারুণ গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রতিপক্ষ কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আজ বেশ কয়েকটি পরিবর্তন এসেছে রংপুর রাইডার্স দলে। দলে নেওয়া হয়েছে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও কুশল পেরেরা।

বেশ কয়েকজন তারকা ক্রিকেটার মাঠে না থাকায় প্রথম কয়েকটা ম্যাচ ভালো করতে পারেনি রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে জয় পেলেও পরের দুটি ম্যাচে হেরে গেছে রংপুর। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচের পর রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফিদের। মূলত ব্যাটিংয়ের সমস্যাটাই এই মৌসুমে বেশ ভোগাচ্ছে রংপুরকে। তবে এবার জয়ের ধারায় ফেরার আশা করছে দলটি।

কুমিল্লা শিবিরে অবশ্য অতো ভাবনার জায়গা নেই। দুর্দান্ত ফর্মে রয়েছেন রশীদ খান-নবী্-স্যামুয়েলসরা। তাই জয়ের বিষয়ে খুব বেশি চিন্তিত নয় কুমিল্লার সমর্থকরা।