ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর ভয়ে তালগোল পাকিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যার এবং শেখ রবিউল আলমের মুক্তির দাবিতে শনিবার এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে পুনরায় নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, শেখ হাসিনার নিপীড়ন নির্যাতন ঈদের দিনেও আমাদের অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদলের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন। গোপালগঞ্জের মকসুদপুরে এমনকি তারা মাইকিং করে বলেছে যে বিএনপি নেতারা যেন ঈদের নামাজ পড়তে না পারে। আমাদের যে ধর্মীয় অধিকার আল্লাহর কাছে ইবাদত করার তাও এই শেখ হাসিনার পান্ডারা তাদের সশস্ত্র সন্ত্রাসীরা কেড়ে নিয়েছে।
তিনি বলেন, ক্ষমতাসীনদের বাজার সিন্ডিকেটের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম যেভাবে হু-হু করে বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
মিছিলে আরও অংশ নেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, এ্যাব এর সভাপতি রিয়াজুল ইসলাম, মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ড. জাহিদুল কবির, কেন্দ্রীয় যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, বিএনপি নেতা জাকির হোসেন, আরিফুর রহমান নাদিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার।















