স্ত্রী-সন্তানকে হত্যা করে পালিয়েছে স্বামী

471

ঢাকা সংবাদদাতা: নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক স্বামী কবির হোসেন পলাতক রয়েছেন।

মঙ্গলবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের রাজিয়া বেগম (৩০) ও তার মেয়ে সাদিয়া বেগম (৫)।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক তাপস চন্দ্র জানান, রাজিয়া বেগম অন্ধ। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। স্বামী কবির হোসেন একজন রিকশা চালক। মাদকাসক্ত কবির হোসেন টাকার জন্য অন্ধ রাজিয়া বেগমকে প্রায়ই নির্যাতন করত।

মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতর ঢুকে মেঝেতে রাজিয়া বেগম ও বিছানায় মেয়ে সাদিয়া আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতদের গলায় হাতের ছাপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মা-মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘাতক স্বামীকে আটকের জন্য অভিযান শুরু করেছে।