ঢাকা সংবাদদাতা: রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসার শৌচাগার থেকে উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু হয়েছে এক তরুণীর।
নিহত তরুণীর নাম লিমা আকতার (২০)। মাগুরার মহম্মদপুর উপজেলার মণ্ডলগাতি গ্রামের কবির হোসেনের মেয়ে লিমা সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রামপুরার পুলিশ ফাঁড়ি এলাকার ওই বাসা থেকে লিমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি।
লিমার পরিবারের সদস্যরা জানান, আজ সকালে শৌচাগারে যান তিনি। এরপর অনেকক্ষণ তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে শৌচাগারে ঢোকেন পরিবারের সদস্যরা। এ সময় তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। শৌচাগারের ভেন্টিলেটরে একটি ওড়না বাঁধা ছিল।
লিমার মা আলেয়া বেগম জানান, তিন বছর আগে সাভারের ইমারত হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় লিমার। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে সাভারে থাকতেন তিনি। সেখানেই একটি পোশাক কারখানায় চাকরিও করতেন লিমা।
আলেয়া আরো জানান, লিমা প্রায়ই একজনের সঙ্গে মোবাইলে কথা বলতেন। এই বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে তাঁর প্রায় ঝগড়া লেগে থাকত। ঝগড়ার জের ধরে ছয় মাস আগে লিমাকে পূর্ব রামপুরার বাসায় নিয়ে আসেন তাঁরা। এর পর থেকে মেয়ে তাঁদের সঙ্গেই থাকতেন বলেও জানান লিমার মা।
আলেয়া বলেন, উদ্ধারের পর পরিবারের সদস্যরা দ্রুত লিমাকে রাজধানীর ফরাজি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লিমার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।















