সিলেট সংবাদদাতা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন এমপি। জকিগঞ্জ থানায় বিরোধী দলীয় হুইপ এমপি সেলিম উদ্দিন নিজে বাদী হয়ে সোমবার তথ্য প্রযুক্তি আইনের ৫৭(১) ধারায় মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ইমরোজ তারেক। মামলা নং-৭।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান- অভিযোগে এমপি সেলিম উদ্দিন উল্লেখ করেছেন, তাজ রহমান বিভিন্ন সময়ে ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা ও ফেসবুকে মিথ্যা, অশ্লীল, মানহানিকর তথ্য প্রচার করে সংসদ সদস্যের সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। ৪, ৫ ও ৬ মে তার এটিইউ তাজ রহমান নামের আইডি থেকে এমপি সেলিমের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ইমরোজ তারেক বলেন, মামলার প্রাথমিক সত্যতা যাছাইর পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন উল্লেখ করেছেন- তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি দীর্ঘ ১২ বছর জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিবসহ, সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি আরো বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সেলিম উদ্দিন লিখিত অভিযোগে বলেন- ‘এ টি ইউ তাজ রহমান দীর্ঘদিন ধরে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত। সে ইচ্ছাকৃতভাবে ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্রসহ বিভিন্ন মাধ্যমে আমার নামে মিথ্যা তথ্য ও অশ্লীল মানহানিকর বিবৃতি দিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করছে। বিগত নির্বাচনকে সে ভোটারবিহীন নির্বাচন আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদ সদস্যদের ভাবমূর্তি নষ্ট করেছে।
দীর্ঘ অভিযোগে সেলিম উদ্দিন আরো বলেন, ‘গত ৪ মে সিলেট জেলা জাতীয় পার্টির জেলা আহবায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে একটি স্ট্যাটাস দেন। পরে ৫ মে আমাকে ইঙ্গিত করে একটি মন্তব্য করে। গত ১৬ মে বিকালে আমি জকিগঞ্জ জেলা পরিষদ রেস্ট হাউসে অবস্থান করছিলাম। তখন জানতে পারি একটি জাতীয় পত্রিকায় আমাকে জড়িয়ে একটি মিথ্যে ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে। যাতে মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে আমাকে ফোন কল দেওয়া হয়েছে। কিন্তু আমি দৃঢ়তার সাথে বলতে চাই ওই পত্রিকা থেকে আমাকে কোন ফোন কল দেয়া হয়নি।’
হুইপ সেলিমের দায়েরকৃত একমাত্র অভিযুক্ত এটিইউ তাজ রহমানের বিরুদ্ধে সেলিম উদ্দিন এমপি আরোও উল্লেখ করেছেন- তাজ রহমান বিগত সংসদ নির্বাচনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিনাভোটের নির্বাচন আখ্যায়িত করে রাষ্ট্র ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করেছেন। এটি রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। সরকারের অস্তিত্বকে অস্বীকার করা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে এর তদন্ত দাবি করেন সেলিম উদ্দিন।
সূত্র: সিলেটভিউটুয়েন্টিফোরডটকম।















