ওয়ানবাংলানিউজ: বুধবার ব্রিটেনের বাজেট ঘোষণা করবেন চ্যান্সেলর জেরেমি হান্ট। বাজেটে চাইল্ড কেয়ার খরচ কমানোর ঘোষণা থাকবে। এই মুহূর্তে চাইল্ড শিশুদের কেয়ারে রেখে অনেকেই কাজ করতে যান না। কারণ কাজ করে যা উপার্জন হয়, তা চাইল্ড কেয়ারের খরচেই চলে যায়। এই চক্রে পড়ে কাজে না যাওয়ায় ব্রিটেনে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। কাজ করার বয়স আছে, কিন্তু কাজে যান না, ব্রিটেনে এমন মানুষের আনুমানিক সংখ্যা এক কোটি। ২০ সপ্তাহ আগে দেশের এক সংকটকালে চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেন জেরেমি হান্ট।
আমাদের মনে আছে লিজ ট্রাস এবং কোয়াসি কোয়ারটেং এর বাজেট। ওই বাজেট ঘোষণার পর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা ঠিকঠাক করতে ঋষি সুনাক দায়িত্ব দেন জেরেমি হান্টকে। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসার পর ঋষি সুনাক সরকারের প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এই বাজেটে চ্যান্সেলর জেরেমি হান্টের দায়িত্ব সরকারের ওপর জনগণের আস্থাকে মেরামত করে আস্থা পুনস্থাপন করে সুনাম ফিরিয়ে আনা এবং সম্ভব হলে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়ানো। তবে এই লক্ষ্য অর্জনে আরও বেশী মানুষকে কাজে দেখতে চান চ্যান্সেলর জেরেমি হান্ট। বয়স্ক মানুষকেও কাজে ফিরে আসতে সহায়তা দিতে চায় সরকার।
তবে চাইল্ড কেয়ারে সহায়তা দেয়ার আওতা হয়তো বৃদ্ধি পাবেনা। যেসব পরিবার বেনিফিটে নেই, তাদের জন্য চাইল্ড কেয়ারের সহায়তা দেয়া সরকারের জন্য ব্যয়বহুল হবে বলে জানান চ্যান্সেলর। অর্থাৎ বেনিফিতে থাকা পরিবারগুলোকেই চাইল্ড কেয়ারে বাড়তি সহায়তা দেয়া হবে, যাতে শিশুদের অভিভাবকদের কাজে ফিরিয়ে আনা যায়।
ব্রিটেনের অর্থনীতির হাল ধরে রেখেছেন প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর। আরও সময় গেলে মূল্যায়ন করে বোঝা যাবে তাদের সাফল্য এবং ব্যর্থতা। কিন্তু মহামারি এবং ব্রেক্সিটের কারণে কিছু কিছু খাতে কর্মী সংকট দেখা দিয়েছে। প্রধান বিরোধী দল লেবার বলছে, বছরের পর বছর ধরে থমকে থাকা অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং জনগণের উপার্জন বৃদ্ধি করতে হবে। নতুন নতুন শিল্পে বিনিয়োগ করতে চায় লেবার পার্টি।
সরকার বলছে, লেবার দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে সরকারের ঋণ বাড়বে। কিন্তু বর্তমান সরকার সরকারি ঋণ কমাতে চায়।















