নাটকীয়ভাবে ওজন কমানোর ওষুধের অনুমোদন দিয়েছে এনএইচএস (ভিডিও)

133

ওয়ানবাংলানিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পাওয়া ওজন কমানোর একটি টিকা ইংল্যান্ডের এনএইচএস অনুমোদন দিয়েছে। ওজন কমানোর এই ওষুধটি অলৌকিকভাবে ওজন না কমালেও নাটকীয়ভাবে ওজন কমানোর ক্ষমতা দেখাচ্ছে। ওজন কমানোর মুল উপাদানের নাম সেমাগ্লুটাইড। ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উইগোভি নামে বাজারজাত করা সেমাগ্লুটাইড টিকা নিরাপদ, কার্যকর এবং সাশ্রয়ী। যাদের বডি ম্যাস ইনডেক্স ৩০, তাদেরকে এনএইচএস এই ওষুধ দেবে। একই ওষুধ ডায়াবেটিক রোগীদের জন্য তৈরি করা হয়েছে ‘অজেম্পেক’ নামে। ওজন কমানোর এই ওষুধ দেয়া হয় বেসরকারিভাবে। অ্যালেক্স গুভারা তিন বছর যাবত সেমাগ্লুটাইড গ্রহণ করছেন। তিনি এ পর্যন্ত ৩ স্টোন, অর্থাৎ প্রায় ১৮ কেজি ওজন কমিয়েছেন।

মানুষের চামড়ায় ইনজেকশনের মাধ্যমে দেয়া ওষুধটি মানুষের ক্ষুধামন্দা সৃষ্টি করে। সাপ্তাহিক ইনজেকশনে ওষুধ গ্রহণকারীর মনে হবে তাঁর পাকস্থলী খাবারে পরিপূর্ণ। যার ফলে মানুষ কম খায়। ১৫ মাসের গবেষণায় দেখা গেছে, উইগোভি গ্রহণকারী লোকেরা ১৫ শতাংশ ওজন কমিয়েছেন, যা প্রায় ১৬ কেজি বা আড়াই স্টোন।
কিন্তু সমস্যা হলো, ওজন কমানোর এই সাপ্তাহিক ইনজেকশন নেয়া বন্ধ করে দিলে ওজন আবার বেড়ে যেতে থাকে। আর এনএইচএস এই চিকিৎসার ব্যয় বহন করবে সর্বোচ্চ দুই বছর।
ইলন মাস্কের মতো বিখ্যাত ব্যক্তিরা ওজন কমানোর এই ওষুধ ব্যবহার করেছেন বলে জানিয়েছেন। হলিউডে এটি নিয়ে এক রকম উন্মাদনা সৃষ্টি হয়েছে। কিন্তু চিকিৎসকেরা বলছেন, বাড়তি ওজন কমানোর দ্রুত সমাধানের উপায় হিসাবে এটিকে গ্রহণ করা উচিত হবেনা। এছাড়াও এই ওষুধ খাবারে অরুচি সৃষ্টি করতে পারে। ওজন কমানোর আরও অনেক নতুন ওষুধ তৈরির কাজ চলছে। ২০৩৫ সাল নাগাদ বিশ্বের অর্ধেকের মতো জনসংখ্যা অতিরিক্ত ওজন সমস্যায় ভুগবে। তাই এখন থেকেই ধারনা করা হচ্ছে ওজন সমস্যার সমাধানে ভবিষ্যতে অনেক বেশী মানুষ চিকিৎসার ওপর নির্ভর করবে।