সিলেটে আবারও মাটি ধসে নারী পাথর শ্রমিক নিহত

646

সিলেট সংবাদদাতা: সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি ধসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার সকালে দেশের অন্যতম বড় পাথরকোয়ারি জাফলংয়ের মন্দিরের জুম পাহাড় এলাকার নান্নু মিয়ার পাথরকোয়ারিতে এ ঘটনা ঘটে।
নিহত শম্পা দাস (১৮) নেত্রকোনার জেলার শ্যামপুর এলাকার রণজিৎ দাসের মেয়ে। শম্পা বাবার সঙ্গে জাফলংয়ের মোহাম্মদপুরে থেকে পাথর তোলার কাজ করতেন।

আহতরা হলেন জুথী বিকাশ সরকার (৪৫) ছেলে দীপ্ত সরকার (১৪) এবং তার ভাই অজিত সরকার (২২)। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরজুম এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
ওসি দেলওয়ার বলেন, শস্পাসহ কয়েকজন শ্রমিক গর্ত থেকে পাথর তুলছিলেন। হঠাৎ মাটি ধসে পড়লে শম্পা ঘটনাস্থলেই মারা যান। আহত তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সিলেটের বিভিন্ন জায়গায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সর্বশেষ গেলো ৭ নভেম্বর কানাইঘাটে মারা যান ছয়জন। এ নিয়ে ১১ মাসে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।