খেলাধুলা ডেস্ক: ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা দেল রে কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ে ১-১ সমতায় ছিল ম্যাচ। অতিরিক্ত ৩০ মিনিটেও জয়সূচক গোল করতে পারেনি কোনো দল। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। প্রথম ৪ শটে ৪-৩ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার হোসে গায়া পঞ্চম শট মিস করলে ফাইনাল নিশ্চিত হয়ে যায় রিয়ালের।
ফাইনালে রিয়াল বেতিস অথবা বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আজ রাতে সেমিফাইনালের অপর ম্যাচে বেতিসের বিপক্ষে খেলতে নামবে বার্সা।
কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শক্তিশালী দল নিয়েই ভ্যালেন্সিয়ার মোকাবিলায় নামে রিয়াল। আক্রমণভাগে করিম বেনজেমার সঙ্গে ছিলেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র। মাঝমাঠে ভেদে ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, টনি ক্রুস। গোলমুখে থিবো কুর্তোয়া।
৩৭তম মিনিটে বেনজেমা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল।
স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন সাবেক ফরাসি তারকা। প্রথমার্ধের শেষদিকে এডিনসন কাভানির শট দারুণ দক্ষতায় রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। গোল করেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল লিনো।
এরপর দু’দল নিজেদের জাল অক্ষত রেখে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। রিয়ালের হয়ে পেনাল্টি শুটআউটে প্রথম চার শটে গোল করেন করিম বেনজেমা, লুকা মদ্রিচ, টনি ক্রুস এবং মার্কো আসেনসিও। ভ্যালেন্সিয়ার হয়ে দ্বিতীয় শট নিতে এসে মিস করে বসেন এরি কমার্ট। আর হোসে গায়ার পঞ্চম শট ঠেকিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন কুর্তোয়া।















