হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে হুমকি স্টার্কের

728

খেলাধুলা ডেস্ক: দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ সিরিজ। ঐতিহাসিক এ সিরিজ ঘিরে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে অস্ট্রেলিয়া। অজিরা যেভাবে প্রস্তুতি সারছেন তাতে ভড়কে যেতে পারে ইংল্যান্ড। বিশেষ করে বাঁহাতি গতিতারকা মিচেল স্টার্কের চোখধাঁধানো পারফরম্যান্স নজরে নিলে ভয়ে বুক কেঁপে উঠতে পারে ইংলিশদের।

সোমবার সিডনিতে চলছিল নিউ সাউথ ওয়েলস বনাম পশ্চিম অস্ট্রেলিয়ার ম্যাচ। শেফিল্ড শিল্ড টুর্নামেন্টের এ ম্যাচে অসাধারণ হ্যাটট্রিক করেছেন স্টার্ক। শুধু হ্যাটট্রিক না তার গতি আর বাউন্সে রীতিমতো নাকানিচুবানি খেয়েছেন পশ্চিম অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

ভারতের বিপক্ষে ওয়ানডে ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন না স্টার্ক। ইনজুরির কারণে মূলত ভারত সফরে দলের সঙ্গে ছিলেন না। আর বাংলাদেশের বিপক্ষে খেলতে পারলেও অ্যাশেজ সিরিজে তাকে সতেজ পেতে বিশ্রামে রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই সিরিজ যখন ঘনিয়ে আসছে তখন সদর্পে মাঠে ফিরেছেন বাঁহাতি পেসার। ঘরোয়া ক্রিকেটে করছেন মনজুড়ানো পারফরম্যান্স।

সর্বসাকুল্যে এ ম্যাচে ২০ ওভার বল করেছেন স্টার্ক। ২ দশমিক ৮ গড়ে শিকার করেছেন ৪ উইকেট। তার জ্বলে উঠার দিনে বড় লিড নিয়েছে নিউ সাউথ ওয়েলস।

স্টার্ক সবশেষ টেস্ট খেলেন গেলো ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে। দীর্ঘদিন বিরতির পর মাঠে ফিরলেও বলে ধার একটুও কমেনি। ঘরোয়া ক্রিকেটে ফিরেই বল হাতে ঝরাচ্ছেন আগুন। দলের হয়ে তিন ম্যাচ খেলে ঝুলিতে ভরেছেন ৭ উইকেট। আর প্রথম শেণির ক্রিকেটে শিকার করেছেন ১০ উইকেট। সেরা ৭৩ রানে ৮ উইকেট।

কয়েকদিন আগেই ২৭ বছরের পেসার ইংল্যান্ড ব্যাটসম্যানদের হুমকি ছুড়ে দিয়ে বলেছিলেন, অ্যাশেজ সিরিজে ইংলিশদের জীবন দুর্বিসহ করে তুলবে অজি পেস আক্রমণ। তিনি যে ফর্মে রয়েছেন তাতে কুক-রুট-ব্রডদের জন্য শনিদশায় হয়তো অপেক্ষা করছে।