মালয়েশিয়ায় বন্যায় বাংলাদেশিসহ নিহত ৭

688

মালয়েশিয়ার পেনাং প্রদেশে ঝড় ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারা গেছেন এক বাংলাদেশিসহ সাতজন। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে মালায় মেইল অনলাইন।

এছাড়াও আরো এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। মৃত ও নিখোঁজ বাংলাদেশির পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রদেশটির সেবারাং পেরাই উতারা এলাকায় ওই বাংলাদেশি নিহত হন বলে সহকারী পুলিশ কমিশনার নুজাইনি মোহাম্মদ নূরের বরাত দিয়ে স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে।

পেনাং প্রদেশের মুখ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত চারটি জেলার দেড় হাজারেরও বেশি মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ কমিশনার নুজাইনি জানান, প্রচণ্ড ঝড়ে একটি গাছ উপড়ে পাশেই থাকা কাঠের তৈরি বাড়ির উপর পড়ে। এতে বাড়িটি ধসে পড়ে এবং তার ভেতর থেকে অজ্ঞাতনামা ওই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজ ব্যক্তির খোঁজে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। শনিবার দুপুর ২টা থেকে টানা বৃষ্টিতে পেনাং শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বলেও দেশটির সংবাদ সংস্থা বারনামাকে জানিয়েছে কর্তৃপক্ষ।