ব্রিটেনের অর্থনৈতিক সংকট কাটাতে ঋষির ৫০ বিলিয়ন পাউন্ড কর আদায়ের পরিকল্পনা

251

ওয়ানবাংলানিউজ ডেস্ক: মূল্যস্ফীতি, জালানি সংকটের জেরবার ব্রিটিশ অর্থনীতিতে গতিশীল করতে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে আপাতত ৫০ বিলিয়ন পাউন্ডের কর আরোপের কোনো বিকল্প নেই। ইতিমধ্যে ৩২ বিলিয়ন পাউন্ড কর বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। এধরনের কর প্রায় সকল ব্রিটিশ নাগরিকের ওপর ধার্য করা হবে। এটি অনেকটা রুক্ষ হতে যাচ্ছে বলেও সরকারি দলের লোকরা ঋষিকে সতর্ক করেছেন। কিন্তু প্র্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং চ্যান্সেলর জেরেমি হান্ট একমত যে এটি ‘অনিবার্য’ হয়ে উঠেছে ও সমস্ত করদাতারা আগামী বছরগুলিতে আরও বেশি বোঝার মুখোমুখি হবেন। কারণ বাজেট অর্থায়নের যে ঘাটতির সৃষ্টি হয়েছে তাতে বিশাল কর আরোপ ছাড়া ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে না। এজন্যে শুধু সরকারের খরচ কমানোই যথেষ্ট নয়। ডেইলি মেইল

ভ্যাট, জাতীয় বীমা ও আয়কর বৃদ্ধির দিকে বাধ্য হয়ে অতিরিক্ত নজর দিতে বাধ্য হচ্ছেন ঋষি। কর বৃদ্ধি ও সরকারের ব্যয় হ্রাসের সমন্বয়ের মাধ্যমে বাজেট অর্থায়নে ভারসাম্য আনার কৌশল নিয়েছে ঋষি। একটি ট্রেজারি সূত্র বলছে সরকারি পরিষেবা বজায় রাখতে হলে সকল ব্রিটিশ নাগরিককে আরো বেশি কর দিতে হবে। কোভিড মহামারীর সময় শত শত বিলিয়ন পাউন্ড ধার নেওয়ার পর এবং জালানি ঘাটতি মোকাবেলায় ব্যাপক অর্থ বরাদ্দের পর এখন ব্রিটিশ সরকার শুধুমাত্র খরচ কমিয়ে বাজেটের এত বড় ঘাটতি পূরণ করতে সক্ষম হবে না। তবে সুনাক ও হান্ট সামনের ‘কঠিন সময়ের’ সময়ে সমাজের সবচেয়ে দুর্বলদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর, আগামী ১৭ নভেম্বরের গুরুত্বপূর্ণ বাজেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, গত সপ্তাহে তারা একমত হন যে সরকারের কৃচ্ছতা সাধনে আরো বড় ধরনের কাটছাঁট করতে হবে। একই সঙ্গে কর বৃদ্ধিরও প্রয়োজন হবে। করের আওতা সহজেই বৃদ্ধি করা সম্ভব নয় বলে বা পর্যাপ্ত করদাতার অভাবে – প্রত্যেককে বেশি অর্থ দিতে হবে। সবাই কষ্ট অনুভব করবে।

একটি অবনতিশীল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বর্তমান সংকটের পটভূমির সঙ্গে শেষ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের বিপর্যয়কর মিনি-বাজেটের উত্তরাধিকারের সাথে এখন বাজেট অর্থায়নে ঋষির সরকারকে কমপক্ষে ৪০ বিলিয়ন পাউন্ড খুঁজে বের করতে হবে। সম্ভবত ট্যাক্স বৃদ্ধি ও ব্যয় হ্রাসের সমন্বয়ের মাধ্যমে এটা করতে হবে। এরপরও ব্রিটেনের থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, আগামী বছর মন্দার পূর্বাভাস আসতে পারে এবং ২০২৪ সালের শেষ নাগাদ জিডিপি পূর্বাভাস চার শতাংশ পর্যন্ত কমে যাবে। এর পাশাপাশি ব্রিটেনে বেকারত্বও প্রায় অর্ধ মিলিয়ন বৃদ্ধি পেতে পারে, দুর্বল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কাটিয়ে উঠতে না পারলে আগামী ২০২৬-২০২৭ সালের মধ্যে বছরে প্রায় ২০ বিলিয়ন পাউন্ড ঋণের প্রয়োজন হবে।

রেজোলিউশন ফাউন্ডেশনের গবেষণা পরিচালক জেমস স্মিথ বলেন, ব্রিটিশ সরকারের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং পাবলিক ফাইন্যান্সের স্থায়িত্ব মেরামত করার পরিকল্পনা চূড়ান্ত করতে দুই সপ্তাহের কিছু বেশি সময় আছে।