স্পষ্টভাবে বলে দিয়েছি এই সরকারের অধীনে নির্বাচন নয়: খসরু

92

ঢাকা সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাবো না।

বুধবার পল্টনের প্রীতম জামান টাওয়ারে আয়োজিত গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। বিশেষ করে আগামী নির্বাচন সামনে রেখে যারা সিদ্ধান্ত নিয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আজকে এই প্রেক্ষাপটে কারা জনগণের পক্ষে অবস্থান করছে আর কারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে আগামী নির্বাচনে গিয়ে জাতির বিরুদ্ধচারণ করছে তা জাতি পর্যবেক্ষণ করছে। আমরা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবো।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির জনসভায় এতো বাধা-বিপত্তির পরেও মানুষ সেখানে আসছে কেন জানেন? আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবো, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার গঠন করবে।

মানুষ এখন বুঝতে পারছে, রাস্তায় নেমে সরকারের পতন ঘটানো ছাড়া মুক্তির কোনো পথ নাই। আপনাদের প্রতি আমার অনুরোধ, যে যুগপৎ আন্দোলনের সূচনা হয়েছে যার যার অবস্থান থেকে আগামী দিনগুলোতে রাস্তায় থেকে ফ্যাসিস্টের পতন ঘটাতে ত্বরান্বিত করতে পারবেন বলে আশা করি।

যারা এখনো সিদ্ধানহীনতায় ভুগছেন তাদের উদ্দেশ্য খসরু বলেন, উচ্ছিষ্টভোগী হবে না। আগামী নির্বাচন রাজনীতিবীদদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নির্ভর করছে। এই পরীক্ষায় রাজনীতিবীদদের উত্তীর্ণ হতে হলে জনগণের পক্ষে পরিষ্কার অবস্থান নিতে হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমাদের সবচেয়ে ক্ষতি হয়েছে আমরা যে চেতনায়, মানসিকতায়, ইচ্ছায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তার তেমন কিছুই বাস্তবায়িত হয়নি। আমাদের প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র নিরাপদ হবে, পাকিস্তানের বাইশ ধনী পরিবারের হাত থেকে আমরা মুক্তি পাবো; কিন্তু এর কিছুই আমরা পাইনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এমন একটা সরকার ক্ষমতায় রয়েছে যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে। যারা প্রকাশ্যে ভোট চুরিকে জায়েজ করতে চেষ্টা করে। কখন মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে, কখনো প্রগতিশীলতার স্লোগান দিয়ে, কখনো উন্নয়নের স্লোগান দিয়ে নাগরিক অধিকার কেড়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত। যেখানে নাগরিক অধিকার থাকবে। কোনো শাসক ক্ষমতা দিয়ে সেই অধিকার কেড়ে নেয়ার সুযোগ পাবে না।