ঢাকা সংবাদদাতা: খালেদা জিয়ার মুক্তি সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার মুক্তি এখন সরকারের হাতে চলে গেছে। কারণ বিচাররকদের সরকার যা বলবে, তারা তাই করবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আইনি লড়াইয়ে এককভাবে বেগম জিয়াকে মুক্ত করে আনা সহজ হবে না। সেই জন্য রাজপথের কোনো বিকল্প নাই। এ সময় নেতাকর্মীদের ঈদের পরে নতুন করে চিন্তা-ভাবনা করার পরামর্শ দেন তিনি।
মওদুদ বলেন, দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বিএনপি ও বেগম জিয়ার নেতৃত্বে এ আন্দোলনকে আরো বেগবান করতে হবে। শেষ পর্যন্ত রাজপথেই এ সমস্যার সমাধান সম্ভব হবে- বলে আশা প্রকাশ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশের বর্তমান সঙ্কটের উত্তরণ রাজপথের মাধ্যমেই অর্জন করতে হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা প্রসঙ্গে মওদুদ বলেন, হাইকোর্ট জামিন দিয়েছে এবং আপিল বিভাগ সেটা বহাল রেখেছে। এখন মুক্তি দিতে অসুবিধাটা কোথায়? কেনো বেগম জিয়া মুক্তি পাচ্ছেন না?
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, উচ্চতর আদালত তাকে (খালেদা জিয়া) জামিন দিয়েছে, তাকে আমরা মুক্ত করতে পারছি না। কেনো? কারণ সরকারের অপকৌশল, ষড়যন্ত্র ও দুরভিসন্ধিমূলক পরিকল্পনা রয়েছে।
খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খুলনা নির্বাচনে নীরব কারচুপি হয়েছে। সুতরাং এখন আমাদের দুটি বিষয় চিন্তা করতে হবে, প্রথমত, আগামী সিটি করপোরেশন নির্বাচনগুলোতে বিএনপির আর অংশগ্রহণ করবে কি না? বিষয়টি আমাদের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু’র মুক্তির দাবি’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার।















