ঢাকা সংবাদদাতা: ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান ও বিশেষ প্রতিনিধি হাসান জাভেদকে তাদের চাকুরি থেকে হঠাৎ বাদ দিয়েছে মালিক পক্ষ। সরকারি চাপে পড়ে তাদের চাকরি থেকে বাদ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী গতকাল তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান ও বিশেষ প্রতিনিধি হাসান জাভেদকে সরকারি নির্দেশে চাকরিচ্যূত করা হয়েছে। দুইজনই দেশের খ্যাতিমান সাংবাদিক। সম্মানিত দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উনারা বিএনপিপন্থী।
পত্রিকাটির মালিকপক্ষ ডিএফপিতে মিডিয়া তালিকাভুক্তির অনুমতির জন্য গেলে তাদের সাফ জানিয়ে দেয়া হয় বিএনপিপন্থী এসব সাংবাদিকদের বাদ দেয়া না হলে পত্রিকাটি রাষ্ট্রীয় সুবিধাদি পাবে না।
কাদের গনি চৌধুরী তার স্ট্যাটাসে লিখেন, ‘সত্যিই আমরা দারুণ গণতন্ত্র ভোগ করছি! মিডিয়ার স্বাধীনতা আজ কোন পর্যায়ে আছে এঘটনা থেকে সহজে অনুমেয়। এধরণের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। দালালি ছাড়া এখন মিডিয়ায় কাজ করা কঠিন হয়ে পড়েছে”। 















