শীতে ব্রিটেনে অনেক মানুষের মৃত্যুর আশংকা

469

ওয়ানবাংলানিউজ: গ্রীষ্ম মৌসুমের এই সময়েও ব্রিটেনের এনএইচএস হাসপাতালগুলোতে এ্যাম্বুলেন্স সার্ভিসের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। জরুরি পরিস্থিতিকে কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করে ক্যাটেগরি-২ এ রাখা হয়েছে স্ট্রোক এবং হার্ট এটাকের মতো কেইসগুলোকে। এই ক্যাটেগরির কোনো ফোন কল এলে সর্বোচ্চ ১৮ মিনিটের মধ্যে এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যাবার লক্ষ্য নির্ধারণ করে রেখেছে এনএইচএস। কিন্তু গত মাসে এরকম কেইসে এ্যাম্বুলেন্স এসেছে গড়ে এক ঘণ্টা পর। এনএইচএস কর্মীদের সংগঠন ‘এনএইচএস কনফেডারেশন’ সতর্ক করে দিয়ে জানিয়েছে, আসন্ন শীত মৌসুমে এই পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতে পারে। এর অন্যতম কারণ হলো, গ্যাস-বিদ্যুতের দাম বেড়ে যাওয়া। জ্বালানী দারিদ্র নিয়ে কাজ করে, এমন চ্যারিটি সংগঠনের তথ্য উল্লেখ করে ‘এনএইচএস কনফেডারেশন’ জানিয়েছে, স্বাভাবিক সময়েই জ্বালানী দারিদ্র্যের কারণে প্রতি বছর ১০ হাজার মানুষের মৃত্যু হয়। এই মুহূর্তে অবশ্য কোভিডে আক্রান্ত মানুষের সংখ্যা কমছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, ৮ অগাস্ট পর্যন্ত পূর্ববর্তী এক সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়েছে ১৭ লাখ মানুষ। এর আগের দুই সপ্তাহের চেয়ে এই সংক্রমণের হার ৩৪ শতাংশ কম। কিন্তু কোভিড একেবারে চলে যায়নি। কোভিডে আক্রান্ত মানুষ নিয়মিত ভর্তি হচ্ছে হাসপাতালে। তাই চাপও অব্যাহত আছে।

বুকে ব্যথা অনুভব করে হার্ট এটাকের লক্ষণ দেখে ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন জেন। ওপর প্রান্ত থেকে তাঁকে জানানো হয়, এ্যাম্বুলেন্স সেবা খুবই ব্যস্ত, কখন তাঁর কাছে এ্যাম্বুলেন্স পাঠানো সম্ভব হবে, তার কোন নিশ্চয়তা নেই। অনেক উৎকণ্ঠা নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন।

তারপর দুজন পুলিস কর্মকর্তা আসেন জেনের ঘরে। তাঁরা এসে জানান, হাসপাতাল থেকে তাদের পাঠানো হয়েছে।

অন্য একটি ঘটনায়, ৮৭ বছর বয়সের এক ব্যাক্তি পড়ে গিয়ে তাঁর নিতম্বের হাড় ফেটে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর জন্য শেল্টার বানিয়ে সেখানেই তাঁকে রাখা হয়। কারণ ওই ব্যক্তির ছেলে-মেয়েদের বলা হয়, তাঁকে যেন ওই স্থান থেকে নড়াচড়া করানো না হয়। ১৫ ঘণ্টা পর এ্যাম্বুলেন্স আসে ঘটনাস্থলে।

কিন্তু গ্রীষ্ম মৌসুমেই যদি এ্যাম্বুলেন্স সার্ভিসে এতো ব্যস্ততা থাকে, শীত মৌসুমে কী পরিস্থিতি দাঁড়াবে? শীতকালে কোভিডের সংক্রমণ আবার বেড়ে যেতে পারে; গত কয়েক বছরের চেয়ে এ বছর ফ্লু আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। এসব সম্ভাবনার সাথে নতুন করে যোগ হয়েছে, জ্বালানী দারিদ্র। খরচ বাঁচাতে গিয়ে অনেকে বাসা-বাড়ি পর্যাপ্ত গরম রাখতে পারবেন না। ফলে এসব মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। হাসপাতালে ভর্তি হওয়ার মতো জরুরি অবস্থাও সৃষ্টি হতে পারে।

সরকারের পক্ষ থেকে গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধ বাবদ ইতোমধ্যে প্রতিটি গৃহস্থালির জন্য ৪শ পাউন্ডের সহায়তা প্যাকেজের ঘোষণা দেয়া হয়েছে। নতুন প্রধানমন্ত্রী এলে আরও কিছু সহায়তার ঘোষণা আসতে পারে। শীত মৌসুমকে সামনে রেখে ব্রিটেনের সকল এনএইচএস হাসপাতালের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। কিন্তু সময় যত ঘনিয়ে আসছে, ততোই মনে করা হচ্ছে, আগামী ছয় মাস খুবই কঠিন সময় হবে এনএইচএস এর জন্য।