ওয়ানবাংলানিউজ: লন্ডন মেট্রোপলিটন পুলিস বলছে, সন্ত্রাসের কবল থেকে লন্ডনকে নিরাপদ রাখতে পুলিস একা যথেষ্ট নয়। তাই লন্ডনের পিতা-মাতা এবং অভিভাবকদের কাছে প্রথমবারের মতো সরাসরি চিঠি লিখে সাহায্য চেয়েছে পুলিস কর্তৃপক্ষ। চিঠিতে পুলিস, অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেছে, তাঁরা যেন তাদের ছেলে-মেয়েদের মধ্যে কট্টরপন্থী হয়ে ওঠার লক্ষণ খেয়াল করেন।
‘অ্যাকট-আর্লি’ নামে একটি ওয়েবসাইট ভিজিট করে সেখানে সহায়তা চাইতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছে পুলিস। এই ওয়েবসাইটে সন্ত্রাস-বিরোধী প্রকল্প ‘প্রিভেনট’ এর আওতায় সাধারণ জনগণকে সহায়তা দেয় পুলিস।
এক নারী পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন বিবিসি’র সাথে। এই নারী একটি ছেলের লালনপালনের দায়িত্ব নিয়েছেন। তিনি জানান, একটি ওয়াটসঅ্যাপ গ্রুপে কট্টর-ডানপন্থী কথাবার্তা শেয়ার করার পর সেই ছেলের বিষয়ে ‘প্রিভেনট’ কে জানানো হয়।
এই নারী আরও জানান, ‘প্রিভেনট’ এর সাপোর্ট সেশনে সেই ছেলেকে বেশ কিছু পরামর্শ এবং উপদেশ দেয়া হয় এবং এর পর থেকে ছেলেটি ইন্টারনেটে কট্টরপন্থি উপাদান থেকে নিজেকে দূরে রাখতে পারছে। পাশাপাশি অন্যদের সাথে ইতিবাচক বন্ধুত্ব সৃষ্টি করতে পারছে।
একজন সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞ মেট্রোপলিটন পুলিসের পক্ষ থেকে পিতামাতা ও অভিভাবকদের কাছ থেকে সহায়তা চাওয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, অপরাধ সঙ্ঘটনের পর বিচারের উদ্যোগের চেয়ে আগেভাগে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করা ভালো উদ্যোগ।
লন্ডনে অবশ্য এই মুহূর্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি কম। কিন্তু সন্ত্রাসীরা কীভাবে তরুণদের টার্গেট করে থাকে এবং এই কাজে অভিভাবকদের যুক্ত করে কীভাবে তা প্রতিরোধ করা যায়, এ বিষয়ে আগের চেয়ে পুলিস সহ সকলের উপলব্ধি উন্নত হয়েছে।















