আন্তর্জাতিক ডেস্ক: গোটাবাইয়া রাজাপাকসেকে বহনকারী বিমান অবতরণ করেছে সিঙ্গাপুরে। সেখান থেকেই তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন পার্লামেন্টের স্পিকার। তিনি বলেছেন, প্রেসিডেন্ট গোটাবাইয়ার পদত্যাগপত্র পেয়েছেন তিনি। এ খবরে রাজধানী কলম্বো জনতার উল্লাসে ফেটে পড়ছে। তারা আতশবাজি ফুটিয়ে, চিৎকার করে সেলিব্রেট করছে নিজেদের এ বিজয়কে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ও দ্য হিন্দু।
রিপোর্টে বলা হয়, সৌদি আরবগামী একটি বিমানে আরোহন করেন গোটাবাইয়া। বিমানটি সিঙ্গাপুর হয়ে জেদ্দা যাবে। সৌদি এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে করে তিনি সিঙ্গাপুরের চ্যাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এতে আরও বলা হয়, প্রাইভেট ভিজিটের জন্য গোটাবাইয়া রাজাপাকসেকে অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। এখন আশ্রয়ের অনুরোধ নেই বলে জানানো হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, গোটাবাইয়া আশ্রয় চান নি। তাকে কোনো আশ্রয়ও দেয়া হয়নি। সাধারণত সিঙ্গাপুর আশ্রয়ের অনুরোধ রাখে না। ফলে গোটাবাইয়া আসলেই কি সিঙ্গাপুরে প্রাইভেট ভিজিটের নামে অবস্থান করবেন নাকি জেদ্দা যাবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে আজ বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দ ইয়াপা আবিওয়ার্ডেনে প্রেসিডেন্ট গোটাবাইয়াকে জানিয়ে দেন যে, যত দ্রুত সম্ভব তার পদত্যাগ করা উচিত। তা নাহলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে অন্য পন্থাগুলো বিবেচনা করা হবে।
ওদিকে প্রতিশ্রুতি অনুযায়ী গোটাবাইয়ার পদত্যাগের ঘোষণার জন্য অপেক্ষায় আছে পুরো শ্রীলঙ্কা।















