বরিস জনসনের বিরুদ্ধে ‘অনাস্থা প্রস্তাব আনছে লেবার পার্টি’

325

ওয়ানবাংলানিউজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রধান বিরোধীদল লেবার পার্টি প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
মঙ্গলবার এ অনাস্থা প্রস্তাব আনা হলে বুধবারই তার ওপর ভোট হতে পারে বলে সূত্রটি প্রত্যাশাও করছে।

অনাস্থা প্রস্তাব আনার অর্থ হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের আইনপ্রণেতারা জনসনের সরকার বহাল থাকবে কি থাকবে না, তার ওপর ভোট দিতে পারবেন।

ভোটে বর্তমান সরকার উৎরাতে না পারলে তা নতুন জাতীয় নির্বাচনের পথও খুলে দিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিভিন্ন জনমত জরিপে কনজারভেটিভরা লেবারদের তুলনায় পিছিয়ে থাকায় এবং টোরিরা তাদের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করায় পার্লামেন্টের প্রধান বিরোধীদলের এবারের অনাস্থা প্রস্তাব সফল হওয়ার সম্ভাবনা কম।

ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের রায় জানাক- সরকারি দলের সদস্যরা এখনই তা চাইবেন না বলেই মনে হচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে কয়েক ডজন মন্ত্রী ও সহযোগী পদত্যাগ করার পর জনসন গত সপ্তাহে দলীয় প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন; তবে নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত তারই ভারপ্রাপ্ত দায়িত্বে থাকার কথা।

টোরি প্রধানের দায়িত্ব ছাড়ার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রীত্ব থেকেও জনসনের বাদ পড়া। যুক্তরাজ্যে সাধারণত ক্ষমতাসীন দলের প্রধানই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।

কনজারভেটিভ পার্টির নীতিনির্ধারণী পরিষদ নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া এরই মধ্যে ঘোষণা করে দিয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ৫ সেপ্টেম্বর দলপ্রধান ও পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা।

লেবার পার্টি চাইছে, যত দ্রুত সম্ভব জনসনকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিতে। নতুন নেতা নির্বাচনের আগেই কনজারভেটিভরা যদি জনসনকে না সরায়, তাহলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকিও আগেই দিয়ে রেখেছিল তারা।