ব্রিটেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে

118

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রিটেনে আগামী সপ্তাহ জুড়ে তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের বেশিরভাগ অঞ্চলে বিশেষ করে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে মনোরম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কিন্তু পরের সপ্তাহের ১১ জুলাই থেকে ব্যাপকহারে তাপমাত্রা বাড়তে পারে৷

দ্য ওয়েদার আউটলুক তাদের পূর্বাভাসে জানিয়েছে, ১৪ জুলাই সন্ধ্যা ৬টায় ব্রিস্টলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আবহাওয়াবিদরা এটিকে একটি “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছেন। একইভাবে ইংল্যান্ডের দক্ষিণে অক্সফোর্ড এবং সাউদাম্পটন সহ অন্য শহরগুলোতে ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসের উচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ১৬ জুলাই সন্ধ্যা ৬টায় লন্ডনের কাছাকাছি এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পূর্বাভাস অনুযায়ী যদি সত্যিই এই ধরনের তাপমাত্রা রেকর্ড করা হয়, তবে এটি হবে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ অনুভূত হওয়া তাপমাত্রা।

মেট অফিসের তথ্যমতে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৯ সালের ২৫ জুলাই কেমব্রিজে রেকর্ড করা হয়েছিল। এদিকে আরেকটি পূর্বাভাস মডেল অনুযায়ী লন্ডনে ১৬ জুলাই বিকেল ৩ টায় ৪১ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদ ও দ্য ওয়েদার আউটলুকের প্রতিষ্ঠাতা ব্রায়ান গেজ বলেন, এখন পর্যন্ত সবগুলো পূর্বাভাসের মধ্যেই রয়েছে। তবে অবস্থা দেখে মনে হচ্ছে তাপমাত্রার এমন রেকর্ড বৃদ্ধি ঘটতে পারে। গত মাসে সাউথ ইউরোপের দেশগুলোতে তীব্র আবহাওয়ার কারণেই ব্রিটেনে এমন তাপমাত্রা আসতে যাচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ ইউরোপে আবহাওয়া স্বাভাবিকের চেয়ে বেশি বেড়েছে এবং এর কিছু যুক্তরাজ্যে এগিয়ে আসতে পারে।

এদিকে আগামী ১৭-৩১ জুলাইয়ের জন্য আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার বেশি থাকবে এবং পুরো জুলাই জুড়ে উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে দক্ষিনাঞ্চল জুড়ে খুব উষ্ণ আবহাওয়া দেখতে পারি।