ওয়ানবাংলানিউজ: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ব্রিটেনের অর্ধেকেরও বেশী সংখ্যক পরিবার তাদের গ্যাস এবং ইলেক্ট্রিসিটির খরচ কমিয়ে দিয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স থেকে প্রকাশিত উপাত্ত থেকে জানা গেছে, ৭৭শতাংশ পূর্ণ বয়স্ক মানুষ ব্যয় বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন অথবা ভীষণভাবে উদ্বিগ্ন। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স পরিচালিত জরিপে অংশগ্রহণকারী প্রায় অর্ধেক সংখ্যক মানুষ জানিয়েছেন, খাদ্য কেনার সময় তাঁরা আগের চেয়ে কম আইটেম কেনেন। সরকারি পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের ২২শতাংশ স্কুল শিক্ষার্থী এখন বিনা মূল্যে স্কুলের খাবার খায়। বিশ্লেষকেরা বলছেন, গাড়ির জ্বালানীর মূল্য বেড়ে যাওয়ায় গাড়ি ব্যবহার কমে গিয়ে অনেকটা লকডাউনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এদিকে সুপার মার্কেটগুলোতে খাদ্যের মজুদে সংকটের মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। কিন্তু দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।
সাউথ লন্ডনের স্লেইড গ্রিনের এই ফুড ব্যাঙ্ক এর চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে। প্রতি সপ্তাহে শত শত মানুষ এই ফুড ব্যাঙ্কের ওপর নির্ভর করেই বেঁচে আছেন। আগে যেসব পরিবার মোটামুটি নিজের খরচ চালিয়ে নিতে পারতো, এখন তাঁরা কোনোমতে টিকে আছে।
মিশেল ও তাঁর স্বামী যে কোম্পানিতে কাজ করতেন, মহামারির সময়ে সেই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় তাদেরও চাকুরী চলে যায়। ডিজেবিলিটির কারণে চাকরিও পাচ্ছেন না মিশেল।
ফুড ব্যাংকটির চাহিদা দিনে দিনে বাড়ার কারণে তাদের মজুদও কমে যায় দ্রুত।
স্লেইড গ্রিন এলাকায় বেকারত্ব বেশী এবং মজুরিও কম। অর্থাভাবে এখানকার সামাজিক সমস্যাও প্রকট। পারিবারিক সহিংসতা এখানকার অন্যতম বড় সমস্যা। মানসিক স্বাস্থ্যের সমস্যাও দ্রুত বাড়ছে।
স্থানীয় মানুষের ছোট এই গ্রুপ সপ্তাহে একবার একসাথে মিলিত হয়ে এলাকায় হাঁটতে বের হয়। মানুষের একাকীত্ব দূরীকরণের চেষ্টা করেন তাঁরা। সু বেইলি নামের এই মহিলা মানসিক উৎকণ্ঠায় আক্রান্ত। তাঁর এই মানসিক সমস্যা আরও প্রকট করে তুলেছে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি।
অর্থকষ্ট অন্য অনেক সমস্যাও সৃষ্টি করে। সস্তা এবং অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেকে মোটা হয়ে যাচ্ছেন। অথচ প্রয়োজনীয় এবং কম মূল্যের ওষুধ কেনারও অনেক মানুষের সাধ্য নেই।
সরকারের মন্ত্রীরা বলছেন, ঝুঁকিতে থাকা ৮০ লাখ পরিবারকে চলতি বছর ১২শ পাউন্ড নগদ সহায়তা দিয়ে সুরক্ষিত রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকারী এই সহায়তার প্রভাব অনুভূত হওয়ার আগে এখনই অনেক পরিবার ভোগান্তিতে পড়েছে।
মহামারিতে মানুষ যতটা না অভাব অনুভব করেছে, এখন তার চাইতে অনেক বেশী মানুষ এখন অর্থ কষ্টে ভুগছে। দিনের খাবার জোগাড় করাও এখন অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।















