খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে হবে : ইনু

492

ঢাকা সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্ষমতায় বাইরে রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজাকাররা ক্ষমতায় গেলে গণতন্ত্র বিপদগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার সন্ধ্যায় নরসিংদীর পাঁচদোনায় অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, জামায়াত-রাজাকার নিয়ে রাজনীতি করছেন খালেদা জিয়া। তাই তাঁকে ক্ষমতার বাইরে রাখতে হবে। এটা কঠিন, তবে করতেই হবে। রাজাকাররা ক্ষমতায় এলে গণতন্ত্র বিপদগ্রস্ত হবে।

জাসদের এই সভাপতি বলেন, খালেদা জিয়া যতদিন জামায়াত ও জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখবে, ততদিন দেশ ও মানুষের রক্ষাকবচ ১৪ দলীয় মহাজোট। গণতন্ত্র রক্ষা করতে হলে দেশের উন্নয়ন করতে হবে, জঙ্গি দমনে যুদ্ধ করতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন জঙ্গিদের, জামায়াত ও রাজাকারদের হালাল করার উৎসব নয়। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের ঐক্য হবে জঙ্গি দমনের যুদ্ধ, দেশের গণতন্ত্র রক্ষার যুদ্ধ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যুদ্ধ।

জাসদের নরসিংদী জেলা শাখার সভাপতি জায়েদুল কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাদের চৌধুরী, শওকত রায়হান, অ্যাডভোকেট হাবীবুর রহমান শওকত, সাংগঠনিক সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, সহকারী সম্পাদক শহিদুল কবির বিপুল, নরসিংদী জেলা শাখার সহসভাপতি মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, পলাশ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মাসুদ ও শ্রমিক নেতা কামাল পাশা।