পূর্ব লন্ডনে দুই মসজিদে হামলাঃ উদ্বিগ্ন মুসল্লিরা

350

ওয়ানবাংলানিউজ: মঙ্গলবার রাতে তারাবীহ’র নামাজের সময় পূর্ব লন্ডনের ইস্টহ্যামে একটি মসজিদে হামলা হয়েছে। বারকিং রোডে অবস্থিত শ্রীলংকান মুসলিম কমিউনিটি সেন্টারের ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন কিশোর ও যুবক মসজিদের দরজায় গিয়ে মুসল্লিদের উপর হামলা করছে।

সাময়িকভাবে ধাওয়া খেয়ে এসব কিশোর-তরুণ ফিরে গেলেও পরে তাঁরা আবারও বোতল এবং হকি স্টিক নিয়ে হামলা করতে আসে। এতে মসজিদের চার জন মুসল্লি আহত হন। পুলিস এই ঘটনাকে বর্ণবাদি হামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে। এই ঘটনার পর স্থানীয় মুসল্লিরা মসজিদে আসতে ভয় পাচ্ছেন।

শ্রীলংকান মুসলিম কমিউনিটি সেন্টারের মসজিদের কাছাকাছি আরেকটি মসজিদ, নাম মদিনা মসজিদ। গত মাসে এই মসজিদের জানালার কাঁচ ভেঙ্গে দেয়া হয়।

মসজিদ সংশ্লিষ্ট ব্যাক্তি মুহাম্মদ আবিদ সিদ্দিকি জানান, এই হামলার কারণ তিনি জানেন না। তবে তিনি বলেন, মুসলিম কমিউনিটির সুরক্ষায় আরও পদক্ষেপ নেয়া প্রয়োজন।

ফিন্সবারি পার্ক মসজিদের দরজা আগে সবার জন্য উন্মুক্ত ছিল। কেউ কোনো বাঁধা ছাড়াই মসজিদে প্রবেশ করতে পারতো। কিন্তু ৫ বছর আগে রামাদান মাসেই মসজিদের বাইরে এক সন্ত্রাসী হামলার ঘটনার পর এই মসজিদে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলাকারী মুসল্লিদের ওপর ভ্যান চালিয়ে দিয়েছিল। ওই ঘটনায় এক জন মুসল্লির মৃত্যু হয় এবং অপর ৯ জন আহত হন। ইস্টহ্যামে মসজিদে হামলার ঘটনায় এই মসজিদেও প্রতিক্রিয়া হয়েছে।

ইস্টহ্যামে পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং স্থানীয় মুসলিম কমিউনিটিকে নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

এদিকে যে রাতে ইস্টহ্যামের মসজিদে হামলা হয়, সেই মঙ্গলবার সন্ধ্যায়ই ফিন্সবারি মসজিদের সামনের রাস্তায় আয়োজন করা হয় স্ট্রীট ইফতারের। সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট করার মহান উদ্দেশ্যে আয়োজন করা হয় এই গণইফতারের।