ইমরান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন শাহবাজ শরিফ?

87

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিরোধী দল পিএমএল-এনের নেতা শাহবাজ শরিফ হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের স্থলাভিষিক্ত। এ দৌড়ে তিনি অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন।

শনিবার রাতে দেশটির জাতীয় পরিষদে অনুষ্ঠিত বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান খান।

রোববার দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শাহবাজ শরিফ সম্পর্কে ভারতের গণমাধ্যমটিতে বলা হয়, তিনি (শাহবাজ) পাকিস্তানের বাইরে তেমন পরিচিত না হলেও অভ্যন্তরীণভাবে ভালো প্রশাসক হিসেবে তার খ্যাতি রয়েছে।

ইমরান সরকারের পতন ঘটনাতে বিরোধীরা যে লড়াই করেছে, তার নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোটভাই ৭০ বছরের শাহবাজ শরিফ।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে নওয়াজের সম্পর্ক তেমন একটা সুবিধাজনক অবস্থায় না থাকলেও শাহবাজের ক্ষেত্রে তা খানিকটা আলাদা। জানা যায়, সামরিক বাহিনীর সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।

২২ কোটি মানুষের দেশ পাকিস্তানের পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনেক বেশি বলে মনে করা হয়।

এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহবাজ শরিফ। এ সময় তিনি চীনের অনুদানের অর্থে পরিচালিত প্রকল্পগুলো নিয়ে কাজ করছেন।

শাহবাজের পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তিনি গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ওয়াশিংটনের সাথে ইমরান খানের বৈরী সম্পর্কের বিপরীতে তাদের সাথে ভাল সম্পর্ক পাকিস্তানের ভাল বা মন্দের জন্য গুরুত্বপূর্ণ।

১৯৯৯ সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের পর শেহবাজকে কারাবন্দি করা হয় এবং সৌদি আরবে নির্বাসিত করা হয়। তিনি ২০০৭ সালে দেশে ফিরে আসেন।

পানামা পেপারস প্রকাশের পর সম্পদ গোপন করার অভিযোগে ২০১৭ সালে নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করার পর তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পার্টির প্রধান হন এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজনীতিতে দৃশ্যমান হন।