আন্তর্জাতিক ডেস্ক: ‘পাকিস্তানি কাপ্তান’ ইমরান খান। রাজধানী ইসলামাবাদে প্যারেড গ্রাউন্ডে করলেন ‘পাওয়ার শো’। তার কথা শুনতে, দলের সঙ্গে সংহতি প্রকাশ করতে সারা দেশের লাখো নেতাকর্মী, সমর্থক জড়ো হন সমাবেশস্থলে। বিকাল নাগাদ জনসমুদ্রে পরিণত হয় প্যারেড গ্রাউন্ড। বাইরে তখনো অসংখ্য গাড়ি অপেক্ষমাণ। এমন পরিস্থিতিতে সড়কপথে সমাবেশস্থলে উপস্থিত হওয়া ইমরানের জন্য ঝুঁকির ছিল। তাই তিনি হেলিকপ্টারে করে উপস্থিত হন। সমবেত জনতার উদ্দেশ্যে বলেন- সর্বপ্রথম দেশবাসীকে ধন্যবাদ জানাই।
আমাদের ডাকে আপনারা যেভাবে সারা পাকিস্তান থেকে সাড়া দিয়েছেন, তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আমার পার্লামেন্টারি টিমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। কারণ, তাদেরকে অর্থ প্রস্তাব দেয়া হলেও, ঘুষ প্রস্তাব করা হলেও তাতে সাড়া দেননি। তারা আমাকে সন্তুষ্ট করেছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নিয়ে আমি গর্বিত। আমি আপনাদের আমন্ত্রণ জানাই আমর বিল মারুফকে জোরালোভাবে ফুটিয়ে তুলতে, যাতে বলা হবে ইসলামিক কল্যাণকর রাষ্ট্রের আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে পাকিস্তান। আমরা দেশকে গড়ে তুলেছি রাকায়েতে মদিনার ওপর ভিত্তি করে। আগেই পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তানে বাইরের হস্তক্ষেপ হচ্ছে। বিরোধী নেতাদেরকে ‘থ্রি স্টুজেস’ আখ্যায়িত করে তিনি বলেন, তারা বছরের পর বছর দেশের অর্থ লুটপাট করছে। এখন যেসব নাটক চলছে তার শেষ হয়ে যেতো যদি পারভেজ মোশাররফের মতো ইমরান খান আত্মসমর্পণ করতেন। তারা সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। জেনারেল মোশাররফ তার সরকারকে রক্ষার চেষ্টা করেছিলেন। এইসব চোরদের দিয়েছিলেন এনআরও। এর ফলে পাকিস্তানের ক্ষতি হয়েছে।
এই পাওয়ার শো’কে স্নায়ুযুদ্ধ বললেও বাড়িয়ে বলা হবে না। কারণ, এর মধ্য দিয়ে পিটিআই সহ রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটাতে চেয়েছে। একদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ। অন্যদিকে বিরোধীদের রাজনৈতিক জোট পিডিএম। সারাদিন এ নিয়ে রাজধানী ইসলামাবাদে টান টান উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল। শ্রীনগর হাইওয়েতে মোতায়েন করা হয় ১৫ হাজার রেঞ্জার। তাদের সঙ্গে সেখানে দায়িত্ব পালন করে ফ্রন্টিয়ার কোরের সদস্যরা। পরিস্থিতির অবনতি হলে ডাকা সেনাবাহিনী ডাকার কথাও বলা হয়। এরই মধ্যে পিটিআইয়ের নেতাকর্মী, সমর্থকরা সমাবেশস্থলে সমবেত হওয়া শুরু করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বিরোধী দলগুলোকে সতর্ক করেন। বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশ বা ‘জলসা’র খবর সংগ্রহ থেকে বেসরকারি মিডিয়াকে অনুমোদন দেয়া হয়নি। ইমরান খানের ওপর যখন রাজনৈতিক চাপ তীব্র আকার ধারণ করেছে, তার ক্ষমতায় টিকে থাকা না থাকার মধ্যে ভাগ্য দুলছে, তখন দলীয় শক্তি প্রদর্শনের জন্য রোববার মহাসমাবেশ ডাকা হয়। সারা দেশে নিজ দলের সব নেতাকর্মী ও সমর্থকদের এই সমাবেশে উপস্থিত হতে স্বয়ং ইমরান খান আহ্বান জানান। অন্যদিকে বিরোধীদলীয় জোট পিডিএমের ব্যানারে জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের (জেআইআইএফ) নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হন শ্রীনগর হাইওয়েতে। পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএলএন) নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ, পাঞ্জাবে বিরোধীদলীয় নেতা হামজা শাহবাজ মিলে জিটি রোড থেকে রাজধানীমুখী লংমার্চে নেতৃত্ব দেন। এসবের মধ্যদিয়ে তারা ক্ষমতাসীন পিটিআই সরকারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়ার আহ্বান জানান। শনিবার রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে জেইউআইএফ’কে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। তিনি বলেছেন, রাজধানী ইসলামাবাদে অবস্থান ধর্মঘট করতে অনুমতি দেয়া হবে না তাদের। কারণ, তাদেরকে শনিবার পাবলিক মিটিং করার অনুমোদন দেয়া হয়েছিল। যদি তারা রোববারও র্যালি করতে চায় তাহলে তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। কোনো দলকে রেড জোন হিসেবে পরিচিত সুরক্ষিত অঞ্চলে প্রবেশ করতে দেয়া হবে না। যদি অন্য দলের রাজনৈতিক রুটে বাধা সৃষ্টি করে কেউ অথবা সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে অবস্থান ধর্মঘট করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিরোধীদের আসন্ন র্যালিগুলোতে তাদেরকে সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের সব পার্লামেন্ট সদস্যকে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে।
নিরাপত্তা পরিস্থিতি
শেখ রশিদ বলেন, শ্রীনগর হাইওয়ের নিরাপত্তা হস্তান্তর করা হয় পাকিস্তান রেঞ্জারস এবং ফ্রন্টিয়ার কোরের কাছে। সেখানে নিরাপত্তায় দায়িত্ব পালন করে বাহিনীর ১৫ হাজার সদস্য। তারপরও প্রয়োজন হলে সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সরকার সেনাবাহিনী ডাকার কর্তৃত্ব বা ক্ষমতা রাখে। তিনি বলেন, আশা করা হচ্ছে পরিস্থিতি সেদিকে যাবে না। এরই মধ্যে দেশের বিভিন্ন অংশ থেকে পিটিআইয়ের নেতাকর্মীরা এসে সমবেত হন প্যারেড গ্রাউন্ডে। দলের সর্বশক্তি প্রদর্শনের জন্য সেখানে মঞ্চ প্রস্তুত হয়। তবে এ নিয়ে অভিযোগ করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তারা বলছে, অন্য দেশের কাছ থেকে পাওয়া অর্থ বা তহবিল ব্যবহার করে রাস্তার লোকজনকে ধরে এনে র্যালিতে ব্যবহার করছে পিটিআই।
ষড়যন্ত্র তত্ত্ব
পিপিপি’র সিনেটর পালওয়াশা খান এবং রুবিনা খালিদ সংবাদ সম্মেলন করেছেন শনিবার। তারা বলেছেন, একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। তা থেকে ইসলামাবাদের রাজপথে রক্তের বন্যা বয়ে যেতে পারে। সংঘাত এড়াতে রাজধানীতে অবস্থান ধর্মঘট না করতে অন্য বিরোধী দলের প্রতি পরামর্শ দিয়েছে পিপিপি। সিনেটর পালওয়াশা খান বলেন, হুমকি আসছে ভারত, ইসরাইলের মতো দেশগুলো থেকে। এসব দেশ থেকে পিটিআইয়ের জন্য তহবিল আসছে। সেই অর্থ খরচ করা হচ্ছে জনসমাবেশে। তিনি বলেন, বিরোধীদের বিরুদ্ধে র্যালিতে নেতৃত্ব দেয়ার কাজ স্বরাষ্ট্রমন্ত্রীর নয়। যেকোনো পরিস্থিতির জন্য দায়ী হবেন তিনি। এ সময় পিপিপি’র এই সিনেটর পিটিআই’কে সাংবিধানিক উপায়ে অনাস্থা প্রস্তাব মোকাবিলা করার আহ্বান জানান।
পিএমএলএনের বিক্ষোভ
শনিবার লাহোরের মডেল টাউনে অবস্থিত দলীয় প্রধান কার্যালয় থেকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লংমার্চ শুরু করে পিএমএলএন। এ দলের নেতারা আশা করছেন এর মধ্যদিয়ে ইমরান সরকারের কফিনে শেষ পেরেকটি পোঁতা হয়ে গেছে- এটাই প্রমাণ করে। এদিন লংমার্চে অংশ নেন মরিয়ম ও তার চাচাতো ভাই হামজা। রাজধানী ইসলামাবাদমুখে শম্বুকগতিতে অগ্রসর হচ্ছিল এই র্যালি, সেখানে ৯ দলীয় জোট পিডিএমের ব্যানারের অধীনে সমাবেশে যোগ দেয়ার কথা তাদের। ওদিকে শনিবার জেইউআইএফ’কে সতর্ক করেছে ইসলামাবাদ হাইকোর্ট। যেকোনো সমাবেশের জন্য তারা অনাপত্তি পত্র দেখানোর নির্দেশ দিয়েছে।















