ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত অলগেইট স্টেশনের উপরের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় ৬০ জন বাসিন্দাকে ভবন থেকে সরিয়ে নেয়া হয়।
আগুন নিয়ন্ত্রনে আনতে ৬৪ মিটার লম্বা ইউরোপের বৃহত্তম লাডার ব্যবহার করে উদ্ধার কর্মীরা। একই সাথে ড্রোনের ব্যবহার করা হয়।
ঘটনাস্থলে থাকা স্টেশন কমান্ডার ক্রিস জেনার বিবিসিকে জানান অভ্যন্তরীণ সিডি দিয়ে এক মহিলাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এসময় এস্কেপ হুড় ব্যবহার করা হয়। এটি ১৫মিনিট পর্যন্ত আগুন থেকে সুরক্ষা দিতে পারে।
এ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ঘটনাস্থল থেকে ১ জনকে হাসপাতালে নিতে হয়েছে। সর্বশেষ সন্ধ্যা ৭টা দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
এর আগে বিকাল ৪টা ঘটিকায় হোয়াইটচ্যাপেল হাইস্ট্রিটের বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটির ১৭ তলায় আগুনের লেলিহান শিখা জ্বলছে। আগুন নিয়ন্ত্রনে আনতে লন্ডন ফায়ার ব্রিগেড এর ১২৫ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী অংশনেন। সেই সাথে পুলিশ ও এ্যাম্বুলেন্স কর্মীরা উপস্থিত ছিলেন।
অগ্নিকান্ডের কারনে অলগেইট ট্রেন স্টেশন বন্ধ রাখার পাশাপাশি হোয়াইটচ্যাপেল, কর্মাশিয়াল রোড, কর্মাশিয়াল স্ট্রিট ও লেমন স্ট্রিট বন্ধ করে দেয়া হয়। বহুতল এই ভবনে একাদিক বানিজ্যিক অফিসের পাশাপাশি বিভিন্ন ফ্লোরে আবাসিক ফ্লাট রয়েছে। ভবনটি বাংলাদেশী অধ্যুষিত হওয়ায় বহু বাংলাদেশী পরিবারও রয়েছে বলে জানাগেছে।















