আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই’র মৃত্যুতে ইস্ট লন্ডন মসজিদের শোক

115

ওয়ানবাংলানিউজডেস্ক: ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই’র মৃত্যুতে ইস্ট লন্ডন মসজিদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে । এক শোক-বার্তায় ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান আইয়ুব খান, সেক্রেটারি ড. আব্দুল হাই মুর্শেদ ও ডাইরেক্টর দেলওয়ার খান বলেন, মরহুম সাজ্জাদ মিয়া যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন । বিশেষ করে ব্রিকলেন জামে মসজিদের খেদমতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। তিনি তাঁর কর্মের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটিতে যুগযুগ স্মরণীয় হয়ে থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাঁর ভালো কাজগুলো কবুল করে নেন এবং বিনিময়ে জান্নাতে অধিষ্টিত করেন। শোকবার্তায় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই ২৮ ফেব্রুয়ারি সোমবার ভোর ৫টা ১১ মিনিটে লন্ডনস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তাঁর বয়স হয়োছিলো ৬৭ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৪ মেয়ে, ৪ ভাই, ৪ বোন-সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রামে। মঙ্গলবার বাদ জোহর ব্রিকলেন মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে পূর্ব লন্ডনের গার্ডেন্স অব পিস গোরস্থানে সমাহিত করা হয়।