যুক্তরাজ্যের শত শত খামারে ছড়িয়ে পড়ল ভাইরাস…

34

সাইফ হাসান: যুক্তরাজ্যে পোকা-বাহিত ব্লুটং ভাইরাসের ব্যাপক সংক্রমণে চরম সংকটে পড়েছেন দেশটির গবাদিপশু খামারিরা। চলতি বছরের জুলাই মাস থেকে সমারসেটসহ বিভিন্ন অঞ্চলের শত শত খামারে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ভেড়ার জন্য রোগটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়া এবং গরুর দুধ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় খামারিরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। পরিস্থিতির এমন অবনতিতে অনেকে খামার বিক্রি করে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ভাইরাসটি থেকে মানুষের জন্য কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

সমারসেটের ইলমিনস্টারের বার্লিজ ফার্মের মালিক স্যালি ফিলিপস জানান, ব্লুটং ভাইরাসে তার খামারের পুরো ১৩০টি গরুর পাল আক্রান্ত হয়েছে। এর ফলে দুধ উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তাদের অন্তত ১১ হাজার পাউন্ডের ক্ষতি হয়েছে। চরম হতাশা প্রকাশ করে তিনি বলেন, পরিস্থিতির কারণে তারা এতটাই অসহায় হয়ে পড়েছিলেন যে শেষ পর্যন্ত পুরো খামার বিক্রি করে দেওয়ার চিন্তা করেছিলেন।

সরকারি তথ্য অনুসারে, গত জুলাই মাস থেকে সমারসেটে ৩৫০টি, উইল্টশায়ারে ২৮টি, গ্লুচেস্টারশায়ারে ১৮টি এবং ব্রিস্টলের একটি খামারে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরের তীব্র গরমের কারণে ভাইরাস বহনকারী পোকা দ্রুত ছড়িয়ে পড়ায় এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্ত পশুর মধ্যে জ্বর, মুখে ঘা, খুঁড়িয়ে হাঁটা এবং খাবার খেতে না চাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে।

ন্যাশনাল শিপ অ্যাসোসিয়েশনের প্রধান ফিল স্টকার জানান, টিকার উচ্চ খরচ ও ঝুঁকির হিসাব করতে গিয়ে অনেক কৃষক টিকা দেননি, যার ফলে ভাইরাসের এমন বিস্ফোরণে তারা অপ্রস্তুত হয়ে পড়েছেন। সিনার্জি ফার্ম হেলথের পশু চিকিৎসক এড পাওয়েল এবং এনএফইউ নেতা মার্ক হামফ্রে জানান, গরুর ক্ষেত্রে রোগটি কিছুটা মৃদু হলেও বহু খামারে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ভেড়া মারা যাচ্ছে। অনেক ভেড়া খামারির কাছে এই পরিস্থিতি ২০০১ সালের ফুট অ্যান্ড মাউথ মহামারির চেয়েও বেশি ভয়াবহ বলে মনে হচ্ছে।

জর্জ ফার্ম ভেটসের পরিচালক গেথিন রবার্টস সতর্ক করে বলেন, এই ভাইরাস ভেড়ার প্রজনন ক্ষমতার মারাত্মক ক্ষতি করছে, যার প্রভাব আগামী বছরের বাচ্চা উৎপাদনের ওপর পড়তে পারে। স্যালি ফিলিপসের স্বামী নাইজেল ফিলিপসও জানান যে গাভীগুলো গর্ভধারণ না করায় আগামী বছর দুধের উৎপাদন আরও কমে যাবে। এত বড় বিপর্যয়ের জন্য তারা একেবারেই প্রস্তুত ছিলেন না বলে উল্লেখ করেন তিনি।

#যুক্তরাজ্য #খামার #পশুচিকিৎসা #aknews #onebanglanews