ঢাকা সংবাদদাতা: রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় যায়নি। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি, চাপা দেয়। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন। এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
এদিকে দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ইলিয়াস হোসেন (৪০), ওমর শরীফ (৪৫), আল-আমিন (২৫), সজীব (২৬)। ঢামেকে চিকিৎসাধীনরা জানিয়েছেন, তারা সবাই মেঘলা পরিবহনের যাত্রী ছিলেন।















