খেলাধুলা ডেস্ক: প্রথম তিন টেস্টে সেঞ্চুরি পাননি ইংল্যান্ডের কোনো ব্যাটার। সিডনিতে জনি বেয়ারস্টো ঘুচলেন সফরকারীদের আক্ষেপ। বিপর্যয়ের মুখে হাঁকালেন শতক। তার সেঞ্চুরিতে ভর করেই অস্ট্রেলিয়ার ৪১৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে ২৫৮/৭ তুলেছে ইংল্যান্ড। দিনশেষে বেয়ারস্টো অপরাজিত ১০৩ রানে। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট শিকার মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ও নাথান লায়নের।
১৩/০ নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এবারো বড় ইনিংস খেলতে পারেননি ওপেনাররা।
৩৬ রানেই বিদায় নেন হাসিব হামিদ (৬) ও জ্যাক ক্রলি (১৮)। এরপর স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন অধিনায়ক জো রুট (০) ও ডেভিড মালান (৩)। ধুঁকতে থাকা ইংল্যান্ডকে টানেন বেন স্টোকস ও বেয়ারস্টো। পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়ে দলীয় ১৬৪ রানে আউট হন স্টোকস। ৯১ বলে ৯ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৬ রান করেন তিনি। উইকেটে এসে থিতু হতে পারেননি জস বাটলার (০)। বোলার মার্ক উডকে নিয়ে এগোতে থাকেন বেয়ারস্টো। দুজনেই খেলতে থাকেন ওয়ানডে স্টাইলে। সপ্তম উইকেট জুটিতে আসে ৭২ বলে ৭২ রান। দলীয় ২৪৫ রানে আউট হন উড (৩৯)। এরপর লিচকে নিয়ে ২৭ বল পার করে তৃতীয় দিন শেষ করেন বেয়ারস্টো। দিনের শেষ ওভারে কামিন্সকে চার মেরে পূর্ণ করেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। ১৪০ বলের ইনিংসে রয়েছে ৮ চার ও তিন ছক্কার মার।
অস্ট্রেলিয়ায় এটি বেয়ারস্টোর দ্বিতীয় শতক। ২০১৭তে পার্থে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। তবে ওই টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। সবমিলিয়ে তিন বছর পর এই ফরম্যাটে সেঞ্চুরি পেলেন বেয়ারস্টো। শেষবার ২০১৮তে শ্রীলঙ্কার মাটিতে ১১০ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে ৪১৬/৮ তোলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ১৩৭ রান করেন উসমান খাজা। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড নেন ৫ উইকেট। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে জিতে ইতিমধ্যেই অ্যাশেজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
টস: অস্ট্রেলিয়া, ব্যাটিং
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪১৬/৮ ডিক্লে.
ইংল্যান্ড ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে) ২৫৮/৭ (ক্রলি ১৮, স্টোকস ৬৬, উড ৩৯, বেয়ারস্টো ১০৩*, লিচ ৪*; বোল্যান্ড ২/২৫, কামিন্স ২/৬৮)















