চ্যাম্পিয়ন জার্মানি, মেসিদের পথ বেশ কঠিন

621

খেলাধুলা ডেস্ক: পঞ্চম ফুটবল বিশ্বকাপ শিরোপা জয় করবে জার্মানি! রাশিয়ায় নেইমারের ব্রাজিল ভাল খেললেও মেসির আর্জেন্টিনার পথ বেশ কঠিন হবে।

কোনো অক্টোপাস, হাতি, ভাল্লুক, বিড়াল বা কচ্ছপ নয়, এবার বিশ্বকাপের এমন ভবিষ্যদ্বাণী করল এক সুইস ব্যাংক। যোগ-বিয়োগ-গুন-ভাগের জটিল সমীকরণ পেরিয়ে সম্ভাব্য বিশ্বকাপজয়ীর নাম বলে দিল সুইজারল্যান্ডের ব্যাংক ইউবিএস।

শেষ পাঁচটি টুর্নামেন্ট, বাছাইপর্বে পারফরম্যান্স ও দলীয় শক্তির নিরিখে ইউবিএসের পরিসংখ্যান মডেলের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে জার্মানি। ইউবিএসের হিসেব অনুযায়ী বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ২৪ শতাংশ এগিয়ে জার্মানরাই। ১৯.৮ শতাংশ সম্ভবনা নিয়ে ২ নম্বরে রয়েছে ব্রাজিল। দৌড়ে তিন নম্বরে স্পেন। সম্ভবনা ১৬.১ শতাংশ।

ইউবিএস আরও জানাচ্ছে, রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড। সেই সঙ্গে রুশ সমর্থকদের জন্য সুখবর দিচ্ছে ইউবিএস- বিশ্বকাপের শেষ ষোলোতে উঠবে রাশিয়া।

জার্মানি, ব্রাজিল ও স্পেনের বাইরে আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম এবং ইংল্যান্ডও বিশ্বকাপে চমক দেখাতে পারে বলে মনে করছে ইউবিএস। তাদের মতে, বিশ্বকাপে আর্জেন্টিনার পথ বেশ কঠিন। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স সেমিফাইনালে যেতে পারে বলেও মনে করছে ইউবিএস।