আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের লিভারপুল শহরের একটি নারী হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবাদ আইনে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় ১১টার কিছু পূর্বে হাসপাতাল থেকে বেরিয়ে আসা গাড়িটি বিস্ফোরিত হয়। গাড়িটির আরোহীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটির পুরুষ চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
নর্থ ওয়েস্ট কাউন্টার টেরোরিজম পুলিশের গোয়েন্দারা জানিয়েছেন এই ঘটনায় ২৯, ২৬ এবং ২১ ভচর বয়সী তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। লিভারপুলের কেনিংসটন এলাকার সাটক্লিফ স্টিট থেকে তাদের গ্রেফতার করা হয়।
মার্সিসাইড পুলিশ জানিয়েছে, তারা খোলা মন নিয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। আর তদন্তে গতি এসেছে।
বিস্ফোরণের পর সশস্ত্র পুলিশ কর্মকর্তারা কেনিংসটন এলাকার সেফন পার্ক অঞ্চলের একটি বাড়ি এবং বোয়ালের স্ট্রিটের আরেকটি বাড়িতে অভিযান চালায়। তবে এসব অভিযানের সঙ্গে হাসপাতালের বাইরে বিস্ফোরণের কোনও সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি।
বিস্ফোরণের সময় হাসপাতালের অভ্যন্তরে ছিলেন কার্ল বেসান্ট। তার সঙ্গী সদ্য মা হয়েছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গী সত্যিই কেঁপে ওঠে। আমরা খুব কাছাকাছি ছিলাম। বিস্ফোরণের সময় সে শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলো। জোরালো শব্দ শুনলাম আর জানালা দিয়ে বাইরে তাকালাম। গাড়িতে আগুন ধরে যেতে দেখলাম। কেউ একজন সেখান থেকে চিৎকার করতে করতে বেরিয়ে এলো, অপর একজন গাড়ির ভেতরেই ছিলো।’















