ভ্যাকসিন নেয়াদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম বাতিল করেছে কম্বোডিয়া

129

আন্তর্জাতিক ডেস্ক: ভ্যাকসিন নেয়া ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম বাতিল করেছে কম্বোডিয়া। রোববারই এ ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী হুন সেন। এ নিয়ম কার্যকর হয়েছে সোমবার থেকে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গত ১৮ মাস ধরে একটানা এই কোয়ারেন্টিনের নিয়ম জারি ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী হুন। এতে তিনি বলেন, যারা যারা কোভিডের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন এবং পরীক্ষায় কোভিডমুক্ত প্রমাণ হয়েছেন তাদেরকে কম্বোডিয়া ভ্রমণের অনুমতি দেয়া হবে। এ জন্য ভ্রমণের ৭২ ঘন্টা পূর্বে করা পরীক্ষায় কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে ভ্রমণকারীদের। আর যারা ভ্যাকসিন নেননি তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনেই থাকতে হয়েছে।

বর্তমানে যেসব ভ্যাকসিন নেয়া বিদেশি ও কম্বোডিয়ান কোয়ারেন্টিনে আছেন তাদেরও আর মেয়াদ পূর্ণ করতে হবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে উন্মুক্ত করতে এবং আমাদের জনগণের জন্য ভ্রমণ সহজ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনেক কম্বোডিয়ানই বিদেশ যেতে চান। কিন্তু ফেরার পরে কোয়ারেন্টিনে থাকতে হবে সে কারণে বিদেশ সফর বাতিল করেছেন তারা।

উল্লেখ্য, কম্বোডিয়া ১ কোটি ৬০ লাখ মানুষের দেশ। দেশটির সরকার এরইমধ্যে নাগরিকদের ৯০ শতাংশকেই ভ্যাকসিন প্রদান করেছে। ভ্যাকসিন কার্যক্রমে এশিয়ার সবথেকে সফল দেশগুলোর একটি কম্বোডিয়া।