সিলেট সংবাদদাতা :: সিলেট নগরীর কুশিঘাট বোরহানাবাদে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত একটায় প্রথমে মারা যান বড় ভাই। বড় ভাইয়ের শোকে অসুস্থ হয়ে এর তিন ঘন্টা পরই মারা যান ছোট ভাই।
হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাদের স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত একটায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যান বড় ভাই কয়ছর আহমদ (৪৫)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার লাশ নিয়ে বাসায় আসার পর শোকে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই কয়েছ আহমদ (৩৫)। রাত আড়াইটায় অসুস্থ অবস্থায় তাকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত চারটায় মারা যান কয়েছ।
কয়ছর ও কয়েছ কুশিঘাট বোরহানাবাদ এলাকার সি-৮২ নম্বর বাসার মরহুম চান মিয়ার পুত্র।
কয়ছর ও কয়েছের আত্মীয় হাজি মো. জয়নাল আবেদিন জানান, অল্প সময়ের ব্যবধানে শুধু তাদের পরিবার নয় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়ছর আহমদ ব্যক্তিজীবনে অবিবাহিত হলেও কয়েছের মাত্র সাত মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) আছরের নামাজের পর জানাজা শেষে কুশিঘাট বোরহানাবাদ পঞ্চায়েতি গোরস্তানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
ওয়ানবাংলানিউজ / ২ নভেম্বর ২০২১ / আল-আমিন















