ওয়ানবাংলানিউজ: লি-অন্-সী এলাকার মানুষ হতভম্ব, তারা বিশ্বাসই করতে পারছেনা তাদের এমপিকে ছুরি মেরে কেউ হত্যা করতে পারে। স্যার ডেভিড এমিস এমপি’র মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর নির্বাচনী এলাকার অনেক মানুষ। কঠিন দৃষ্টিভঙ্গির একজন মানুষ হিসেবে তিনি যেমন পরিচিত ছিলেন, তেমন নিজের এলাকার মানুষের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তিনি এখন আর বেঁচে নেই।
প্রতি দুই সপ্তাহে একবার স্থানীয় জনগণকে উপদেশ-পরামর্শ এবং তাদের সমস্যা সমাধানে সার্জারি করতেন স্যার ডেভিড এমিস। শুক্রবারের সার্জারি ছিল মেথডিস্ট চার্চে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। বেলা ১২টার পর তিনি এখানেই উপর্যুপরি ছুরিকাহত হন। হাসপাতালে নেয়াড় আগে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন পুলিস এবং এম্বুলেন্স স্টাফরা। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তিনি মৃত্যুবরন করেন।

সাউথ-এন্ড ওয়েস্ট আসনের এমপি ছিলেন স্যার ডেভিড এমিস। স্থানীয় জনগণের কাছে তিনি ছিলেন শ্রদ্ধেয় ব্যাক্তি। ১৯৯৭ সাল থেকে তিনি এই আসনে কনজারভেটিভ দলের এমপি। তিনি ছিলেন কট্টর ব্রেক্সিটপন্থি। ইউরোপিয়ান রিসার্চ গ্রুপের তিনি সদস্য ছিলেন।
ছুরি হামলার এই ঘটনায় পুলিশের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে হত্যার সাথে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিস। তদন্তকারী পুলিস কর্মকর্তারা জানিয়েছেন, তারা ঘটনাস্থলে আসার কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করেন। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

ঘটনার সময়ে চার্চের বিপরীত পাশে অবস্থানরত এক প্রত্যক্ষদর্শী ব্যাক্তি বিবিসিকে জানিয়েছেন, তিনি এক মহিলাকে চার্চ থেকে বেরিয়ে এসে এম্বুলেন্স ডাকতে ফোন করতে দেখেন। প্রত্যক্ষদর্শী আরও জানান, আর্মড পুলিস ঘটনাস্থলে এসে একজন আফ্রিকান বংশোদ্ভত পুরুষ ব্যাক্তিকে ধরে নিয়ে যেতে দেখেন তিনি।
চার্চের পাশে সমবেত এলাকাবাসী তাদের এমপি স্যার ডেভিড এমিস শোক প্রকাশ করেন। দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের ভোটার আসেন শোক জানাতে।

৬৯ বছর বয়স্ক অভিজ্ঞ রাজনীতিবিদ স্যার ডেভিড এমিস সর্বপ্রথম এমপি নির্বাচিত হন ১৯৮৩ সালে। গত ৫ বছরের মধ্যে নিজের সার্জারিতে হত্যার শিকার হওয়া দ্বিতীয় এমপি স্যার ডেভিড এমিস। ২০১৬ সালের জুন মাসে হত্যার শিকার হয়েছিলেন লেবার এমপি জো কক্স।
সংসদীয় আসনের বাসিন্দাদের সাথে সাক্ষাতকালে আরও একজন এমপির হত্যার শিকার হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে। সার্জারিগুলোই যদি বিপদজনক হয়ে ওঠে, তাহলে জনগণকে কীভাবে সেবা দেবেন এমপিরা।
পুলিশের তদন্তকারি কর্মকর্তারা এখন হত্যার মোটিভ উন্মোচনে কাজ করছেন। যদি তাঁরা দেখেন, কোনো ধরনের চরমপন্থি আদর্শ এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, তবে সন্ত্রাসবিরোধী গোয়েন্দা সংস্থা এই মামলার দায়িত্ব গ্রহণ করবে।















