লন্ডনে বিলাসবহুল গাড়ির সাইড মিরর চুরি, ক্ষতি ৪০ হাজার পাউন্ডের বেশি

24

সাইফ হাসান: পশ্চিম লন্ডনের চেলসি এলাকায় বিলাসবহুল গাড়ির লুকিং গ্লাস চু*রি হয়েছে। রবিবার রাত ও সোমবার ভোরে তিনটি রাস্তায় একাধিক গাড়ি নিশানা করে একটি চক্র। বিএমডব্লিউ, পোর্শে ও মার্সিডিজের মতো অন্তত ১৫টি গাড়ি থেকে এসব গ্লাস খুলে নেওয়া হয়। এতে গাড়ি মালিকদের প্রায় ৪০ হাজার পাউন্ড ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য চেলসি সিটিজেন জানায়, চেলসির তিনটি সড়কে পার্ক করে রাখা বিএমডব্লিউ এক্স-থ্রি, পোর্শে মাকান, জাগুয়ার এফ-পেস এবং মার্সিডিজ সি-ক্লাস মডেলের গাড়িগুলো থেকে লুকিং গ্লাস চুরি করা হয়। দুর্বৃত্তরা অত্যন্ত দ্রুত প্লাস্টিকের ফ্রেম থেকে গ্লাস আলাদা করে তার কেটে নিয়ে যায়। আধুনিক এসব লুকিং গ্লাসে হিটিং, অ্যান্টি-ফগিং ও অ্যান্টি-গ্লেয়ারের মতো উন্নত প্রযুক্তি থাকায় অপরাধীদের কাছে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।

ক্ষতিগ্রস্ত এক বিএমডব্লিউ মালিক জানান, গাড়ি চোরেরা নতুন এক ধান্ধা বের করেছে এবং এর মাধ্যমে তারা প্রচুর অর্থ কামিয়ে নিচ্ছে। চেলসি এলাকায় দামি গাড়ির ছড়াছড়ি থাকায় চক্রগুলো এই এলাকাকে সহজে নিশানা বানাচ্ছে। মাত্র পাঁচ দিন আগে নতুন গাড়ি কেনা এই ব্যক্তি আক্ষেপ করে বলেন, পুরোনো মডেলে জটিল কোনো প্রযুক্তি না থাকায় আগে এমন কোনো ভয়ের সুযোগ ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, চোরাই বাজারে অত্যাধুনিক প্রযুক্তির এই গ্লাসগুলো চড়া মূল্যে বিক্রি হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো খুলে ফেলা সম্ভব হওয়ায় চক্রটি নির্বিঘ্নে একের পর এক গাড়িতে হাত বাড়িয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

#লন্ডন #যুক্তরাজ্য #গাড়ির_খবর #aknews #onebanglanews